অবৈধ বিজ্ঞাপনে গুগলকে তিরস্কার
ড্রাগ এবং পাইরেটেড বিনোদনপণ্য বিজ্ঞাপনে বিধিনিষেধ আরোপে ব্যর্থ হওয়ায় গুগলকে কঠোর তিরস্কার করেছেন মার্কিন আদালতের প্রসিকিউটর।
চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কেনা সম্ভব নয় এমন সব ওষুধের বিজ্ঞাপনে সয়লাব বিভিন্ন ওয়েবসাইটে গুগল বিজ্ঞাপন অংশ; আর এতেই ক্ষেপেছেন যুক্তরাষ্টের মিসিসিপি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল। সংবাদ সংস্থা সিএনএনের খবরে প্রকাশ, বুধবার মিসিসিপির অ্যাটর্নি জেনারেল জিম হুড অনলাইনে বেআইনি ওষুধ এবং পাইরেটেড বিনোদন পণ্য বিক্রিতে ব্যর্থতার অভিযোগে সার্চ জায়ান্ট গুগলকে কঠোর তিরস্কার করেছেন।
অ্যাটর্নি জেনারেল জিম হুড বলেন, বেশ কয়েকবার গুগলকে ড্রাগ (ওষুধ) এবং পাইরেটেড বিনোদন পণ্য বিজ্ঞাপনে বিধি-নিষেধ আরোপের পরামর্শ দিলেও এ বিষয়ে তারা কোনো সাড়া দেয়নি।
হুড জানান, ভোক্তা সুরক্ষা আইন মানার ক্ষেত্রে ও এ বিষয়ে সাড়া প্রদানে গুগলের যথেষ্ট ঘাটতি রয়েছে। তিনি বলেন, আদালত এ বিষয়ে আইন প্রয়োগ করতে বাধ্য হবে।
ইতিপূর্বে ২০১২ সালে অনলাইনে অবৈধ ড্রাগের বিজ্ঞাপন দেওয়ায় গুগলকে জরিমানা বাবদ ৫০০ মিলিয়ন ডলার পরিশোধ করতে হয়েছে।
অবশ্য গুগল সাফাই হিসেবে বলেছে, এরইমধ্যে তারা ওষুধের অবৈধ বিজ্ঞাপন দেওয়ার পথ যথেষ্ট কঠোর করেছে।
