পয়সা উসুলের ১০ আইফোন অ্যাপ
আপনি যদি একটি আইফোনের মালিক হন, তবে আপনার জন্য রয়েছে হাজারো অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ।
আপনি যদি একটি আইফোনের মালিক হন, তবে আপনার জন্য রয়েছে হাজারো অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ। সমস্যা হচ্ছে ভালো অ্যাপ্লিকেশনগুলোর একটি বড় অংশই টাকা দিয়ে কিনতে হয়! এ জন্য অনেকেই অ্যাপ্লিকেশন কেনার বিষয়টি এড়িয়ে যান। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ডামিস ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, এমন বেশকিছু অ্যাপ রয়েছে, যা কিনতে পয়সা লাগলেও পরবর্তীতে তা উসুল করে দিতে সক্ষম। এ রকম দশটি অ্যাপ নিয়েই আমাদের এবারের মেইনবোর্ড।
ইন্সটাপেপার
অনেক সময়ই আমরা বিভিন্ন ওয়েবপেইজে আকর্ষণীয় লেখা পাই, যা সময়ের অভাবে পড়া হয় না। এক্ষেত্রে আমরা ব্যবহার করি ‘বুকমার্ক’ অথবা সাহায্য নেই সাফারি রিডিং লিস্টের। কিন্তু ইন্সটাপেপার অ্যাপটি আইফোনে থাকলে ওয়েবপেইজটি সরাসরি আইফোনেই সেভ করে রাখা যাবে। অ্যাপটি কিনতে খরচ হবে ৩.৯৯ ডলার। মূল্যবান সময় রক্ষায় বেশ সাহায্য করবে অ্যাপটি।
ওল্ডবুথ
ওল্ডবুথ একটি মজার অ্যাপ। এটি কারও ‘ফুল-ফেইস’ ছবি তুলতে সাহায্য করবে এবং পরবর্তীতে ছবিটিকে হাস্যকর চেহারায় উপস্থাপন করবে। অ্যাপটি ব্যবহার প্রক্রিয়া বেশ সহজ। অ্যাপটির দাম ধরা হয়েছে ১.৯৯ ডলার। তবে অ্যাপটি না কিনেও এর লাইট ভার্সনটি ডাউনলোড করার সুযোগ রয়েছে। কিন্তু ফ্রি ভার্সনটিতে আপনি আসল অ্যাপের মজা পাবেন না।
গটাগো
বিব্রতকর পরিস্থিতি অথবা কোনো জায়গা থেকে সরে আসতে পারছেন না? সমস্যা নেই, গটাগো অ্যাপটি আপনাকে রক্ষা করবে এমন পরিস্থিতিতে। অ্যাপটি নির্দিষ্ট সময়ে আইফোনে ভুয়া ফোন কল অথবা টেক্সট মেসেজ পাঠাবে। আসল ফোন আসলে যেমন দেখায়, ঠিক সে রকমই দেখাবে ভুয়া কল অথবা টেক্সট মেসেজ। আর এভাবেই অ্যাপটি ব্যবহার করে আপনি এড়াতে পারবেন অপ্রিয় পরিস্থিতি। অ্যাপটিতে পছন্দের রিংটোন ও ওয়ালপেপার সেট করে রাখা যাবে। অ্যাপটি কিনতে খরচ পড়বে ১.৯৯ ডলার।
ওয়ার্ডসওয়ার্থ
ওয়ার্ডসওয়ার্থ আসলে একটি ওয়ার্ড গেইম। স্ক্রিনে অক্ষর টাইপ করে শব্দ তৈরি করতে হয় গেইমটিতে। এতে গেইমারকে একটি অক্ষর দেওয়া হবে এবং সে অক্ষর ব্যবহার করে শব্দ তৈরি করতে হবে। সাধারণত কম ব্যবহৃত শব্দ তৈরি করতে পারলে বেশি পয়েন্ট পাওয়া যায়। আর সাধারণ অক্ষর দিয়ে শব্দ তৈরি করলে গেইমার পাবেন কম পয়েন্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে শব্দ তৈরি করতে না পারলে গেইম ওভার হয়ে যাবে। সময় কাটানোর চমৎকার এ অ্যাপটি কিনতে খরচ পড়বে ১.৯৯ ডলার।
আইটেলিপোর্ট
আইটেলিপোর্ট অ্যাপটি ব্যবহারকারীকে আইফোনের মাধ্যমে কম্পিউটার এবং সংযুক্ত কিবোর্ড, মাউস ইত্যাদি নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে। অ্যাপটির মাধ্যমে বেশ দূর থেকেও আইফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় কম্পিউটার। অ্যাপটির মাধ্যমে কম্পিউটারের স্ক্রিনে দেখা যাবে আইফোন। তবে এ জন্য আপনার কম্পিউটারটিতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। আইটেলিপোর্ট অ্যাপটির দাম একটু বেশি হলেও তা ব্যবহারকারীর জন্য খুব উপকারী। আগ্রহীদের অ্যাপটি কিনতে খরচ করতে হবে ২৪.৯৯ ডলার।
এয়ার ভিডিও
এয়ার ভিডিও অ্যাপটির সাহায্যে আপনার ম্যাক অথবা পিসিতে রাখা ভিডিও সরাসরি স্ট্রিম করে আইফোনেই দেখতে পারবেন। এটি প্রায় সব ভিডিও ফরম্যাটই স্ট্রিম করতে সক্ষম। অ্যাপটি ব্যবহার করে প্রথিবীর যে কোনো প্রান্তে বসে আপনার কম্পিউটারে রাখা ভিডিও দেখতে পারবেন। অ্যাপটির দাম পড়বে দুই ডলার ৯৯ সেন্ট।
মাই সিক্রেট ফোল্ডার
মাই সিক্রেট ফোল্ডার অ্যাপটির সাহায্যে আইফোনে লুকিয়ে রাখা যাবে ব্যক্তিগত নোট, ছবি ইত্যাদি। এতে করে অন্যকেউ আপনার একান্ত ব্যক্তিগত জিনিসগুলো খুঁজে পাবে না। এছাড়াও আপনি গোপন কনটাক্ট সংরক্ষণ করতে পারবেন অ্যাপটিতে। আইফোনের এ অ্যাপটির দাম ৯৯ সেন্ট।
টার্বোস্ক্যান
টার্বোস্ক্যান আইফোনকে স্ক্যানারে পরিণত করবে। অ্যাপটির মাধ্যমে খুব দ্রুত স্ক্যান করা যায়। কোনোকিছু স্ক্যান করতে মাত্র চার সেকেন্ড সময় নেয় এটি। এর মাধ্যমে তিনটি ছবি স্ক্যান করে একটি ছবি বানানো সম্ভব। এছাড়াও সাদাকালো স্ক্যান করা যায় অ্যাপটি দিয়ে। অ্যাপটি কিনতে খরচ পড়বে ১.৯৯ ডলার।
