বৈধভাবেই অনলাইনে শুনুন মিউজিক
প্রযুক্তির এ যুগে সংগীতপ্রেমীদের অনেকেই গান সংগ্রহ করেন বিভিন্ন ‘ফ্রি ফাইল শেয়ারিং’ সাইট থেকে। কিন্তু ওইসব সাইটের অনেকগুলোই অবৈধ এবং পাইরেসিতে জড়িত।
প্রযুক্তির এ যুগে সংগীতপ্রেমীদের অনেকেই গান সংগ্রহ করেন বিভিন্ন অনলাইন ফ্রি ফাইল শেয়ারিং সাইট থেকে। কিন্তু ওইসব সাইটের অনেকগুলোই অবৈধ এবং পাইরেসিতে জড়িত। হয়তো পছন্দের গানটি সংগ্রহ করতে গিয়ে আপনি নিজের অজান্তেই সাহায্য করছেন সাইটগুলোর অবৈধ কার্যকলাপে। অনেকেরই হয়তো অজানা, ইন্টারনেটে এমন অনেক সাইট আছে যেগুলো থেকে বৈধভাবেই গান সংগ্রহ করা সম্ভব। সম্প্রতি টাইম ম্যাগাজিনের প্রযুক্তিবিষয়ক সাইট টেকল্যান্ড এক প্রতিবেদনে এ রকম বেশ কয়েকটি সাইটের নাম প্রকাশ করেছে।
আইটিউনস
টেক জায়ান্ট অ্যাপলের সংগীতবিষয়ক সাইট আইটিউনস থেকে বেশিরভাগ গানের জন্যই টাকা খরচ করতে হয়। কিন্তু সাইটটিতে আপনি এমন অনেক গান পাবেন, যা একেবারেই বিনামূল্যে ডাউনলোড করা যাবে। পাশাপাশি এ সাইটটি থেকে গান সংগ্রহ করলে আপনি পাবেন বেশকিছু সুবিধাও। আইটিউনসে যেসব গান রয়েছে, তার কোনোটিই ‘এডিট’ করা নয়। ফলে আপনি পাবেন পছন্দের গানের আসল ট্র্যাকটি। এছাড়াও সাইটটিতে রয়েছে প্রচুর গান। পুরনো দিনের গান থেকে শুরু করে সর্বশেষ বের হওয়া গানও খুঁজে পাবেন সাইটটিতে। এছাড়াও কোনো শিল্পীর পুরো অ্যালবামটি না কিনেও শুধু পছন্দের গানটিই কেনা সম্ভব সাইটটিতে।
অ্যামাজন
অ্যামাজন থেকে গান সংগ্রহের জন্যও খরচ হবে অর্থ। কিন্তু এ সাইটটিতেও পাওয়া যাবে প্রায় আইটিউনসের মতোই সব সুবিধা। সাইটটিতে বিনামূল্যে গান স্ট্রিম করে শোনারও সুযোগ রয়েছে। এ ছাড়াও সাইটটির মাধ্যমে কোনো গানের সিডি কিনলে তার রেকর্ড রাখবে অ্যামাজন। ফলে পরবর্তীতে সিডির ক্রেতা চাইলে আগে কেনা অ্যালবামের গানগুলো বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
লাস্ট.এফএম
যুক্তরাজ্যভিত্তিক লাস্ট ডট এফএম মূলত একটি অনলাইন রেডিও সাইট। এতেও রয়েছে বিভিন্ন গানের বিশাল সংগ্রহ। সাইটটি থেকে আপনি অনলাইন রেডিওতে পছন্দের গান শোনার পাশাপাশি বিনামূল্যে ডাউনলোডও করতে পারবেন। সাইটটি থেকে গান ডাউনলোড বৈধ।
স্টেরিওগাম
অনলাইনে আপনি খুঁজে পাবেন হাজারো সংগীত ব্লগ। এসব ব্লগে সংগীতপ্রেমীরা বিভিন্ন গান সম্পর্কে নিজেদের মতামত প্রকাশ করে এবং সংগীত নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে। এ রকম ব্লগগুলোতে আপনি পাবেন নিত্যনতুন গানের খবর। সংগীতপ্রেমী ব্লগারদের মন্তব্য হয়তো আপনার ইচ্ছা জাগাবে নতুন কোনো গান শোনার। এ রকমই একটি ব্লগ হচ্ছে ‘স্টেরিওগাম’। ব্লগটি মূলত পপ এবং রক ধাঁচের গানের জন্য পরিচিত। এ ব্লগটিতে অনেক ব্লগার প্রায় প্রতি মাসেই বিভিন্ন মিক্স গানের টেপ আপলোড করেন। আপনি ইচ্ছে করলে এ ব্লগটি থেকে সম্পূর্ণ বিনামূল্যে পছন্দের গানটি ডাউনলোড করতে পারবেন। এ সাইট থেকেও গান সংগ্রহের পদ্ধতিটিও বৈধ।
হাইপ মেশিন
হাইপ মেশিন মূলত একটি ব্লগ সংগ্রহকারী সাইট। সহজভাবে বলতে গেলে এ ব্লগ সাইটটিতে আপনি পাবেন অন্যান্য ব্লগে আপলোডকৃত গানগুলো। বিনামূল্যে সংগীত সংগ্রহের জন্য সাইটটি বেশ উপকারী। সাইটটির কার্যকলাপও আইনগতভাবে বৈধ। সাইটটিতে রয়েছে গান স্ট্রিম করে শোনার সুযোগ। হাইপ মেশিন বিভিন্ন ধাঁচের মিউজিক ব্লগগুলোকে ক্রমানুসারে সাজিয়ে রেখেছে। সংগীতপ্রেমীরা পছন্দের গানের জন্য এ ব্লগ সাইটটি ব্যবহার করতে পারেন। সাধারণত সাইটটি, প্রতি সপ্তাহে বেশকিছু এমপিথ্রি পোস্ট করে।
স্মল লেবেলসদের হোমসাইট
‘স্মল লেবেলস’ বলতে সেসব সংগীতশিল্পীদের বুঝায়, যারা তেমন বিখ্যাত নন বা সংগীতজগতে নতুন এসেছেন। অনেক সময় এমন শিল্পীরা সম্পূর্ণ অ্যালবাম বিনামূল্যে ইন্টারনেটে আপলোড করে দেন। যদি আপনার এ রকম কোনো পছন্দের শিল্পী থেকে থাকে তাহলে তাদের হোমসাইটে খুঁজতে পারেন তাদের আপলোড করা গান। এছাড়াও বেশকিছু স্মল লেবেলস শিল্পী তাদের সব গানই আপলোড করে দেন বিনামূল্যে ডাউনলোডের জন্য। আপনি এভাবেও ইন্টারনেট থেকে গান সংগ্রহ করতে পারেন।
বিনামূল্যে সংগীতভাণ্ডার
ইন্টারনেটে রয়েছে বেশকিছু প্রতিষ্ঠান এবং গ্রুপ, যারা তাদের সংগীতের ভাণ্ডার থেকে বিনামূল্যে গান শুনতে বা ডাউনলোড করতে দেয়। সংগীতপ্রেমীরা এসব সাইট থেকে বিনামূল্যে শুনতে পারবেন মোৎজার্ট থেকে শুরু করে অন্যান্য গান। এসব সাইটে পাওয়া যাবে বিভিন্ন নতুন গানও। এরকম ওয়েবসাইট লাইসেন্সমুক্ত বিভিন্ন গানও সংগ্রহে রাখে। আপনি চাইলে এ রকম সাইট থেকে নির্দিষ্ট কিছু গানও ডাউনলোড করতে পারবেন। এভাবেও আপনি গড়ে তুলতে পারেন আপনার নিজস্ব গানের ভাণ্ডার।
স্ট্রিম সার্ভিস
যদি আপনার একটি গান শুনতে খুব ইচ্ছা করে, আর সে গানটি যদি অনলাইনে বিনামূল্যে ডাউনলোডের জন্য না থাকে, তবে সাহায্য নিতে পারেন স্ট্রিম সেবার। কিন্তু স্ট্রিম করে গান শোনার একটি বড় সমস্যা হল স্ট্রিমকৃত গানটির কোনো ডিজিটাল কপি আপনার কাছে থাকবে না। কিন্তু বর্তমানে স্ট্রিম করে গান শোনাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতে গানের জন্য আলাদা করে কোনো জায়গা রাখতে হবে না কম্পিউটার বা গান শোনার ডিভাইসে। আর এখন স্ট্রিম সেবা এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে, বিশ্বের যে কোনো প্রান্তে বসে পছন্দের শিল্পীর গানটি শুনতে পারবেন। আপনার যাতে এত কোনো অসুবিধা না হয়, সে জন্য ইন্টারনেটে রয়েছে অনেক স্ট্রিমভিত্তিক সাইট। এ রকম বেশকিছু জনপ্রিয় স্ট্রিমভিত্তিক সাইট হল প্যানডোরা, সাউন্ডক্লাউড, গ্রুভিশার্ক, স্ল্যাকার ইত্যাদি। আপনি এসব সাইটে বিশ্বের জনপ্রিয় গানগুলোর প্রায় সবগুলোই পাবেন।
একজন সত্যিকারের সংগীতপ্রেমী কখনও চাইবেন না, তার পছন্দের শিল্পীরা প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হোন। এ লেখাটি অনুসরণ করে পাইরেসি এবং অবৈধ কার্যকলাপ রোধ করে আপনার পছন্দের শিল্পীর প্রাপ্য সম্মানটুকু দিতে পারেন।
