এক্সবক্সের চেয়ে সস্তা প্লে-স্টেশন ৪
ইলেক্ট্রনিক্স জায়ান্ট সনি সম্প্রতি তাদের গেইমিং কনসোল প্লে-স্টেশন ফোর-এর দাম ঘোষণা করেছে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী এক্সবক্সের তুলনায় এর দাম ১০০ ডলার কম ধরা হয়েছে।
ঘোষণায় সনি ৩৯৯ ডলারে প্লে-স্টেশন ৪ বাজারে আনার কথা জানায়। ফেব্রুয়ারিতে প্লে-স্টেশন ৪ বাজারে আনার বিষয়টি প্রকাশ হলেও এবারই প্রথম পণ্যটির একটি নমুনা দেখায় প্রতিষ্ঠানটি।
প্লে-স্টেশন ৪-এ থাকছে এক্স৮৬ প্রসেসর, উন্নতমানের পিসি জিপিইউ এবং আট গিগাবাইট মেমোরি। এ ছাড়াও এতে থাকছে স্পর্শপ্রযুক্তির ডুয়াল-শক কন্ট্রোলার, হেডফোন জ্যাক এবং শেয়ার বাটন।
প্লেস্টেশন বাজারে আসার সময় নিয়ে আসবে বেশ কিছু গেইম। এ রকম গেইমের তালিকায় রয়েছে ডেসটিনি, ওয়াচ ডগস, ব্যাটম্যান: আরখাম অরিজিনস ও কিংডম হার্টস থ্রি।
প্লে-স্টেশন ৪-এর ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট এক্সবক্স ওয়ান বাজারে আনার ঘোষণা দিয়েছিল মে মাসে। যার মূল্য নির্ধারণ করা হয়েছিল ৪৯৯ ডলার।
মাইক্রোসফটের এক্সবক্স ওয়ান থেকে ১০০ ডলার কমমূল্যের সনির সর্বশেষ প্লে-স্টেশনটি নভেম্বরের শেষে শুরু হওয়া ছুটির মৌসুমে বাজারে ছাড়া হবে।
