ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স ২০১৩
টেক জায়ান্ট অ্যাপলের ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স ২০১৩’ অনুষ্ঠিত হয়েছে সোমবার। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের সম্মেলনে অ্যাপ স্টোর, ম্যাক প্রো, ম্যাকবুক এয়ার, আইওএস ৭, নতুন ম্যাক ওএস এক্স এবং আইটিউনস রেডিও নিয়ে কথা বলেছে অ্যাপল।
সম্মেলনের শুরুতেই অ্যাপলের সিইও টিম কুক অ্যাপলের অ্যাপ স্টোর নিয়ে কথা বলেন। তিনি জানান, এখন তাদের অ্যাপ স্টোরে ছয় লাখ ৫০ হাজার অ্যাপ এবং ৪০ কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত গ্রাহকেরা তিন হাজার কোটি অ্যাপ ডাউনলোড করেছে, যা অ্যাপলের জন্য একটি মাইলফলক।
এরপর অ্যাপলের হার্ডওয়্যার বিভাগের সিইও ফিল শিলার জানান, ম্যাকবুক এয়ারের নতুন ভার্সনে ইনটেল হ্যাশওয়েল চিপ ব্যবহার করা হবে। এ ছাড়াও তিনি জানান, ম্যাকবুক এয়ারের নতুন ভার্সনটিতে গ্রাফিক্স ক্ষমতা ৪০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। ম্যাকবুক প্রোর নতুন ভার্সন নিয়েও কথা বলেন তিনি।
তিনি জানান, ম্যাকবুক প্রোর নতুন ভার্সনটি হবে আগের মডেলগুলোর চেয়েও চিকন এবং পাতলা। এতে থাকবে ইনটেল জেনন চিপ।
এ ছাড়াও অ্যাপল ম্যাকের জন্য নির্মিত নতুন অপারেটিং সিস্টেম (ওএস) ভার্সন দেখায়। ম্যাক ওএস এক্স ১০.৯ ম্যাভরিক্স নামের এ নতুন ওএসটিতে থাকবে নতুন নতুন অ্যাপ্লিকেশন। এতে আরও থাকবে দীর্ঘ ব্যাটারি চার্জ এবং আগের ওএস-এ যেসব ত্রুটি ছিল, তা এতে সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল।
অ্যাপল মূলত এ সম্মেলনটি করে প্রতিষ্ঠানটির প্রোগ্রাম বা সফটওয়্যার নির্মাতাদের জন্য। সম্মেলনটিতে অ্যাপল ডেভেলপারদের জানায়, আগামী এক বছরে তারা কী কী পরিবর্তন আনছে।
অ্যাপলের ব্রাউজার সাফারি আপডেট করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। সাফারির নতুন সংস্করণটির হোমস্ক্রিনে দেখাবে বিভিন্ন টপ সাইট। এছাড়াও এতে মেমোরির ব্যবহার আরও উন্নত করা হয়েছে। সম্মেলনে অ্যাপল আরও জানায়, তারা নিজস্ব থ্রিডি ম্যাপিং টুল ডেভেলপ করেছে।
সম্মেলনে অ্যাপল, আইওএসের সর্বশেষ সংস্করণ আইওএস ৭-এর একটি নমুনা দেখায়। ওএসটির মেনুর আইকনগুলোতে কোনো প্রতিচ্ছবি থাকবে না। আইওএস ৭-এ যেসব পরিবর্তন আনা হয়েছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে কন্ট্রোল সেন্টার। এ টুলটির মাধ্যমে স্ক্রিনের নিচের অংশ থেকে সোয়াইপ করে নিয়ন্ত্রণ করা যাবে ব্রাইটনেস, ভলিউম, মিউজিক প্লে-ব্যাক সেটিংস ইত্যাদি।
এ ছাড়াও একত্রে অনেক অ্যাপ চালানোর সুবিধাও বাড়ানো হয়েছে আইওএস ৭ ওএসটিতে। তবে পুরনো ভার্সন থেকে আইওএস ৭-এ আপডেট করার মূল্য জানায়নি অ্যাপল। সর্বোচ্চ আটটি ট্যাব ওপেন করার ক্ষমতাসম্পন্ন সাফারি ব্রাউজার, আইওএস-এর একটি অংশ বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে থাকছে ফাইল শেয়ারিং টুল এয়ার ড্রপ। কিন্তু তা শুধু আইফোন ৫ এবং চতুর্থ প্রজন্মের আইপ্যাড ও আইপ্যাড-মিনিতে ব্যবহার করা যাবে। এ ছাড়াও আইওএস ৭-এ থাকছে আইটিউনস-রেডিও। এটির মাধ্যমে বিনামূল্যে স্ট্রিম করে গান শোনা যাবে। ম্যাক, পিসি এবং অ্যাপল টিভিতেও চলবে আইটিউনস-রেডিও।
