২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কম্পিউটেক্স তাইপের সেরা কিছু ল্যাপটপ

তাইওয়ানে অনুষ্ঠিত ‘কম্পিউটেক্স তাইপে ২০১৩’ প্রযুক্তিপণ্য প্রদর্শনীর অন্যতম আকর্ষণ সবধরনের ল্যাপটপ বা নোটবুকে নতুন প্রযুক্তির সমন্বয় ঘটানো। এসব ল্যাপটপ বা নোটবুকে সংযুক্ত হয়েছে চতুর্থ প্রজন্মের কোর প্রসেসর। এছাড়া ইনটেলের হ্যাশওয়েল প্রসেসরের ফলে ডিভাইসগুলোর ব্যাটারির আয়ু বৃদ্ধি পেয়েছে। প্রদর্শনীতে বেশ কয়েকটি দৃষ্টি আকর্ষণ করার মতো ল্যাপটপ বা নোটবুক স্থান পেয়েছে। বছরজুড়ে পণ্যগুলো প্রাধান্য বিস্তার করবে নিঃসন্দেহে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিডিনেট অবলম্বনে সেসব ল্যাপটপ বা নোটবুক নিয়েই এবারের ফিচার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 02:22 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

সনি ভায়ো ডুয়ো ১৩ আল্ট্রাবুক

ইলেক্ট্রনিক্স জায়ান্ট সনির ভায়ো ডুয়োর হালনাগাদ সংস্করণ হচ্ছে ডুয়ো ১৩। নতুন সংস্করণে থাকছে ১০৮০পি এইচডি টাচস্ক্রিন এবং ইনটেলের নতুন হ্যাশওয়েল প্রসেসর। ইনপুট প্রদানের জন্য সংযুক্ত ডিজিটাইজার পেন ব্যবহার করা যাবে। এতে পাওয়া যাবে একটি ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যাতে পিসি ইমেজ প্রযুক্তি কাজ করবে। এটি স্লাইডিং পয়েন্ট ব্যবহার করে ট্যাবলেট মোডে সুইচ করা যাবে।

সনি ভায়ো প্রো ১৩/১১ আল্ট্রাবুকস

টেক জায়ান্ট অ্যাপলের ম্যাকবুক এয়ারের উইন্ডোজনির্ভর প্রতিযোগী হিসেবে এসেছে সনি ভায়ো প্রো ১৩/১১ আল্ট্রাবুক। এতে থাকছে বিল্টইন কার্বন ফাইবার। ভায়ো প্রো ১১-এর ওজন ১.৯ পাউন্ড আর ভায়ো প্রো ১৩-এর ওজন ২.৩ পাউন্ড।

আসুস ট্রান্সফর্মার বুক ট্রায়ো

এটি দিয়ে ল্যাপটপ এবং আলাদা কিবোর্ডসহ ট্যাবলেটের মতো কাজ করা যাবে। এটি শুধু দুটি পণ্যের মতো কাজ করবে তা নয়, একটি এক্সটার্নাল মনিটর সংযুক্ত করলে এটিকে ‘অল-ইন-ওয়ান পিসি’ হিসেবে ব্যবহার করা যাবে। এটি দুধরনের অপারেটিং সিস্টেম (ওএস)- অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ৮-এ চালানো যাবে। এতে থাকছে ইনটেল হ্যাশওয়েল প্রসেসর এবং এক টেরাবাইট হার্ড ডিস্ক।

আসুস জেনবুক ইনফিনিটি আল্ট্রাবুক

নতুন এই আল্ট্রাবুকের পুরুত্ব ০.৬১ ইঞ্চি। এতে থাকছে তৃতীয় প্রজন্মের কর্নিয়া গরিলা গ্লাস থ্রি প্রযুক্তি ও ইনটেল হ্যাশওয়েল প্রসেসর। গরিলা গ্লাস থ্রি প্রযুক্তি ব্যবহার করায় এর স্ক্রিনে দাগ পড়ার সম্ভাবনা কম।

ডেল এক্সপিএস ১১

এটি ডেল এক্সপিএস১২-এর অনুরূপ মডেল। এটি ল্যাপটপ এবং ট্যাবলেট দুটি মোডেই চালানো যাবে। এটি যখন ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হবে, তখন স্বয়ংক্রিয়ভাবে কিবোর্ড বন্ধ থাকবে। কার্বন ফাইবারে তৈরি নোটবুকটিতে রয়েছে ২৫৬০ বাই ১৪৪০ রেজুলিউশনের ১১.৬ ইঞ্চি আইপিএস টাচস্ক্রিন। ইনপুটের জন্য এতে রয়েছে একটি পেন ডিজিটাইজার। এটি চলবে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমে।

গিগাবাইট আল্ট্রাব্লেড গেইমিং ল্যাপটপ

গিগাবাইটের নতুন নোটবুক ‘আল্ট্রাব্লেড’। এর দুটি মডেলের একটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি স্ক্রিন এবং ওজন ৪.২ পাউন্ড। অন্যটির স্ক্রিন ১৪ ইঞ্চি এবং ওজন ৩.৭ পাউন্ড। এতে রয়েছে ইনটেলের হ্যাশওয়েল কোয়াড-কোর কোরআই৭ প্রসেসর ও উন্নত গ্রাফিক্স কার্ড।

গিগাবাইট ইউ২১এম

এটি ডেল এক্সপিএস ১১-এর অনুরূপ। এটি ল্যাপটপ এবং ট্যাবলেট দুটি মোডেই চালানো যাবে। এর পুরুত্ব ০.৮ ইঞ্চি। এর স্ক্রিন ১১.৬ ইঞ্চির ১৩৬৬ বাই ৭৬৮ রেজুলিউশন সমৃদ্ধ। এতে থাকছে ইনটেলের হ্যাশওয়েল প্রসেসর। ডিভাইসটিতে র‌্যাম ৪ গিগাবাইট বা ৮ গিগাবাইট এবং ডুয়াল স্টোরেজ ২৫৬ গিগাবাইট থেকে ১ টেরাবাইট পর্যন্ত সংযুক্ত করা যাবে।

এসার অ্যাসপায়ার এস৭ আল্ট্রাবুক

এতে থাকছে চতুর্থ প্রজন্মের ইনটেলের হ্যাশওয়েল কোরআই৫ প্রসেসর, গরিলা গ্লাস সমৃদ্ধ ১৩.৩ ইঞ্চি আইপিএস স্ক্রিন, ৮ গিগাবাইট র‌্যাম, ১২৮ গিগাবাইট স্টোরেজ এবং উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম। এ সিরিজে বেশ কয়েকটি ল্যাপটপ রয়েছে। ব্যবহারকারী তার পছন্দ ও চাহিদা অনুযায়ী ল্যাপটপ বেছে নিতে পারেন।

তোশিবা কসমিও এক্স৭৫

তোশিবার এক্স৭৫-এ থাকছে সর্বশেষ প্রযুক্তির হ্যাশওয়েল কোরআই৭ প্রসেসর, ১৭.৩ ইঞ্চি স্ক্রিন, ৩২ গিগাবাইট র‌্যাম, ১.২৫ টেরাবাইট হার্ড ডিস্ক। এতে অন্তর্ভুক্ত থাকছে হারম্যান কারডন স্পিকারসহ মাল্টিমিডিয়া।

এসার অ্যাসপায়ার ভিথ্রি

এসপায়ার ভিথ্রিতে থাকছে মডেলভেদে নতুন প্রজন্মের ইনটেল অথবা এএমডি প্রসেসর, উইন্ডোজ ৮ ওএস, র‌্যাম ৬ গিগাবাইট এবং হার্ড ডিস্কের ধারণক্ষমতা ৭৫০ গিগাবাইট। এতে ডুয়াল হার্ড ডিস্কের সুবিধাও পাওয়া যাবে। স্ক্রিনের আকার ১৪ ইঞ্চি, ১৫.৬ ইঞ্চি এবং ১৭.৩ ইঞ্চি।

কম্পিউটেক্স তাইপে ২০১৩ প্রদর্শনীতে বছরজুড়ে কার্যকর ভূমিকা র‍াখার উপযোগী বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়। এ প্রদর্শনীতে নতুন প্রযুক্তির ল্যাপটপ বা নোটবুকের সমারোহ ঘটেছে। আর সে কারণেই এসব ল্যাপটপ বা নোটবুক ব্যবহারকারীদের কাছে সমাদৃত হবে বলে আশা করছেন নির্মাতারা।