২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগ্রহের কেন্দ্রে ডব্লিউডব্লিউডিসি

অ্যাপলের ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স’ (ডব্লিউডব্লিউডিসি) থেকে নতুন পণ্য ও সেবা ঘোষণার অপেক্ষা করছে প্রযুক্তি বিশ্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 11:36 AM

Updated : 25 Apr 2022, 06:51 PM

প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন টেক জায়ান্ট অ্যাপলের ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স’ (ডব্লিউডব্লিউডিসি)। নতুন কী কী পণ্য বা সেবার সঙ্গে পরিচয় করিয়ে দেবে অ্যাপল, সেসব বিষয় জানার জন্যই অপেক্ষায় রয়েছে প্রযুক্তিবিশ্ব। সম্প্রতি এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আইওএস ৭, ম্যাক ওএসএক্স আপডেট, ম্যাকবুক, আইরেডিও ইত্যাদি বিষয় উপস্থাপন করা হতে পারে সম্মেলনটিতে।

সম্মেলনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইওএস ৭। কারণ অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেমের (ওএস) নতুন এ ভার্সনের একটি নমুনা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকেই। ৯টু৫ম্যাকের মতে সাদা-কালো ওএসটি হবে সম্মেলনের সবচেয়ে বড় আকর্ষণ।

সম্মেলনে আইরেডিও নামে অ্যাপলের নতুন মিউজিক স্ট্রিমিং সার্ভিসের ঘোষণাও আসতে পারে। এটি সম্পর্কেও বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছেন টেকবোদ্ধারা।

অ্যাপল ম্যাক ওএসএক্স-এর নতুন বেশকিছু আপডেটও জানাবে বলে আশা করছেন অনেকেই। ম্যাকবুকসের সম্পর্কেও আগ্রহীর সংখ্যা অগণিত। কিন্তু সম্মেলনটি না হওয়া পর্যন্ত জানা যাচ্ছে না, গ্রাহকদের জন্য ঠিক কী চমক রেখেছেন টিম কুক অ্যান্ড কোং ।