মোবাইল বিজ্ঞাপনে ইউটিউব
সার্চ জায়ান্ট গুগলের ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব মোবাইল ফোনের ভিজিটরদের বিজ্ঞাপন প্রদর্শন করছে। যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, গুগলের মোট আয়ের ১০ শতাংশ আসতে পারে ইউটিউবের বিজ্ঞাপন থেকে।
সূত্র জানিয়েছে, মোবাইল ফোনে বিজ্ঞাপনের মাধ্যমে বছরের প্রথম প্রান্তিকেই ইউটিউব আয় করতে পারে ২৮ থেকে ৩৫ কোটি ডলার। বছরের প্রথম প্রান্তিকে গুগলের মোট আয় ছিল এক হাজার চারশ’ কোটি ডলার। সে হিসেবে মোবাইল ইউটিউব থেকে গুগলের ১৪০ কোটি ডলার আয়ের সম্ভাবনা রয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউটিউবে প্রতিদিন প্রায় একশ’ কোটি ভিডিও দেখা হয়, যার ২৫ শতাংশ আসে মোবাইল ডিভাইস থেকে।
গুগলের বিজ্ঞাপন গবেষণা পরিচালক গার্নার্ড জনসন জানান, তারা লক্ষ করেছেন ৭৪ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী তাদের ফোনের মাধ্যমে প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখেন।
ইউটিউবের জনপ্রিয়তা এবং ভিডিও দেখার পরিমাণ দেখে টেকবোদ্ধা ও গবেষক প্রতিষ্ঠান মর্গান স্ট্যানলি মে মাসে ভবিষ্যদ্বাণী করেছিল, ইউটিউব ২০২০ সাল নাগাদ গুগলের দুই হাজার কোটি ডলারের ব্যবসায় পরিণত হবে।
