২০০ ডলারের ল্যাপটপ বানাচ্ছে গুগল
সার্চ জায়ান্ট গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক টাচস্ক্রিন নোটবুক বানাচ্ছে, খবরটি নিশ্চিত করেছে মার্কিন চিপ জায়ান্ট ইনটেল। প্রযুক্তিবিষয়ক সাইট বিজিআর-এর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড নোটবুকগুলোর দাম হবে ২০০ ডলার।
ক্রোমবুক দিয়ে নোটবুক কম্পিউটারের বাজারে তেমন সাফল্য না পাওয়ায় গুগল এখন জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নোটবুক কম্পিউটার বানিয়ে বাজার ধরার চেষ্টা করছে, এমনটাই বলা হয়েছে বিজিআরের প্রতিবেদনে।
গুগল অ্যান্ড্রয়েড নোটবুক বানানোর জন্য ইনটেলের কাছ থেকে অ্যাটম প্রসেসর কিনছে, খবরটি নিশ্চিত করেছেন ইনটেলের চিফ প্রোডাক্ট অফিসার ডাডি পার্লমাটার। নোটবুকগুলোর দাম ২০০ ডলারের মধ্যেই হবেই বলে নিশ্চিত করেছেন তিনি।
তবে অ্যান্ড্রয়েড নোটবুকগুলো ঠিক কবে নাগাদ বাজারে আসবে, সে ব্যাপারে কোনো তথ্য দেননি পার্লমাটার।
