২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইটিউনস যুগে সংগীতের এক দশক

টেক জায়ান্ট ‘অ্যাপল’-এর মিউজিক স্টোর ‘আইটিউনস’ প্রতিষ্ঠার এক দশক পূর্ণ হল এ সপ্তাহে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত আইটিউনস গানের জগতে এক অভাবনীয় পরিবর্তন আনলেও সাইটটি সংগীতশিল্পের ক্ষতি করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 08:17 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

আইটিউনস প্রতিষ্ঠার সময় যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পের বার্ষিক আয় ছিল ১ হাজার ১৮০ কোটি ডলার। কিন্তু সাইটটি প্রতিষ্ঠার এক দশকের মধ্যেই এ ক্ষেত্রের আয় এসে দাঁড়িয়েছে ৭১০ কোটি ডলারে। মজার ব্যাপার হল, আইটিউনস আসার পরেই বেড়েছিল গান বিক্রির পরিমাণ। তার প্রধান কারণ হল, আইটিউনসে প্রতিটি ডিজিটাল অ্যালবাম ১০ ডলারে এবং অ্যালবামগুলোর প্রতিটি গান ৯৯ সেন্টে বিক্রির ব্যবস্থা করেছিলেন স্টিভ জবস।

অন্যদিকে বাজারের অ্যালবামগুলোর দাম ছিল সে তুলনায় বেশি। এ ব্যাপারটিই আইটিউনস মিউজিক স্টোরের সেবা গ্রহণে আগ্রহী করে তোলে গানপ্রেমীদের। আর এতেই চিরতরে পাল্টে যায় সংগীত বাণিজ্য।

তবে, সিএনএন আইটিউনসকে যতই দোষ দিক না কেন, গানপ্রেমীরা সবসময়ই ছিল সাইটটির পক্ষে। আর বাস্তবতা হল, এক দশকে আইটিউনস গানের জগতকে যেভাবে পাল্টে দিয়েছে তাতে সংগীত শিল্পের আর আগের অবস্থানে ফিরে যাবার কোনো সুযোগ নেই।