খুনী রোবটের বিরুদ্ধে হিউম্যান রাইটস ওয়াচ
প্রাণঘাতী রোবট নির্মাণ বন্ধের দাবিতে মাঠে নেমেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীতে সামরিক অস্ত্র হিসেবে রোবটের ব্যবহার বাড়ছে। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, মানবনিয়ন্ত্রণ ছাড়া নিজেই লক্ষ্যবস্তু চিহ্নিত করে হত্যা করতে সক্ষম রোবট নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে সংস্থাটি।
হিউম্যান রাইটস ওয়াচের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নিজে থেকেই লক্ষ্যবস্তু চিহ্নিত করে আক্রমণ ও হত্যা করতে পারে এমন প্রাণঘাতী রোবট নির্মাণের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
মানবাধিকার সংস্থাটির অস্ত্রবিষয়ক বিভাগের পরিচালক স্টিভ গুজ আরও বলেন, ‘নিজে থেকেই লক্ষ্যবস্তু চিহ্নিত করে হত্যা করতে সক্ষম এমন প্রাণঘাতী রোবট কখনও বানানো উচিত নয়। নৈতিক ও আইনি বাধা অতিক্রম করে যেতে পারে এই প্রাণঘাতী রোবটগুলো। যুদ্ধক্ষেত্রে সর্বশেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটি কোনো রোবট নয় বরং একজন মানুষের হাতেই থাকা উচিত।’
প্রাণঘাতী রোবটের গবেষণা ও নির্মাণ নিষিদ্ধ করার দাবিতে আন্তর্জাতিক চুক্তির ডাক দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এদিকে ৭০টির ও বেশি দেশ সেনাবাহিনী এবং আইশৃঙ্খলা রক্ষাবাহিনী ব্যবহার করছে ড্রোন এবং বিভিন্ন প্রাণঘাতী রোবট।
