গুগলের বিরুদ্ধে অভিযোগে মাইক্রোসফটসহ ১৪ প্রতিষ্ঠান
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট অভিযোগ করেছে, গুগল তাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন স্মার্টফোনে ব্যবহারের জন্য দিতে চাপ প্রয়োগ করে অ্যান্ড্রয়েড ফোন নির্মাতাদের। সম্প্রতি এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিষয়টি নিয়ে ইউরোপিয়ান কমিশনে গুগলের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করেছে মাইক্রোসফট, ওরাকল, নোকিয়া এবং আরও ১৪টি প্রযুক্তি প্রতিষ্ঠান।
ইউরোপিয়ান কমিশনে নথিভুক্ত অভিযোগে বলা হয়েছে, গুগল বিনামূল্যে অপারেটিং সিস্টেম দেয়ার বিনিময়ে স্মার্টফোন নির্মাতাদের বাধ্য করে ইউটিউব ও ম্যাপ-এর মতো বিভিন্ন অ্যাপ কন্টেন্ট ব্যবহারের জন্য দিতে। অভিযোগ রয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ওই অ্যাপ্লিকেশনগুলো অনেকটা ‘ট্রোজান হর্স’-এর মতো কাজ করে এবং লোকেশনসহ বিভিন্ন তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করে।
অন্য একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ফেয়ারসার্চ জানায়, গুগল ক্ষমতার অপব্যবহার করে মোবাইল মার্কেট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে গুগল পাল্টা জবাবে জানায়, তারা সবসময়ই ইউরোপিয়ান কমিশনের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করছে।
অন্যদিকে গুগলের ‘প্রাইভেসি পলিসি’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইউরোপ, আমেরিকা ও ফ্রান্সের বিভিন্ন তথ্য নিরাপত্তা সংস্থা। প্রাইভেসি পলিসি পরিবর্তন না করলে গুগলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।
রিসার্চ ফার্ম গার্টনারের সূত্রে জানা যায়, বর্তমানে বিশ্বের ৭০ শতাংশ স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড’।
