যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে চীনের ড্রোন
প্রযুক্তি গবেষক ও টেক বোদ্ধারা ধারণা করছেন, চীনের তৈরি কম দামের চালকবিহীন বিমান বা ড্রোন ব্যবহার হতে পারে যুত্তরাষ্ট্রের বিরুদ্ধে। উত্তর কোরিয়া, ইরান এবং বিভিন্ন সন্ত্রাসী সংগঠন এ কাজ করতে পারে বলে জানান তারা। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট টেকনিউজ ডেইলির সূত্রে তথ্যটি জানা যায়।
কিছুদিন আগে চীনের অবসরপ্রাপ্ত জেনারেলরা চীনা টেলিভিশন চ্যানেল সিসিটিভিতে জানান, তাদের ড্রোন প্রযুক্তি যুক্তরাষ্ট্রের ড্রোন প্রযুক্তির চেয়ে পাঁচ বছর পিছিয়ে রয়েছে। অন্যদিকে জানা গেছে, চীনের তৈরি ড্রোনের দাম যুক্তরাষ্ট্রের ড্রোনের চেয়ে কম।
কিন্তু দাম বেশি হলেও জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো চীনের ড্রোনের চেয়ে যুক্তরাষ্ট্রের তৈরি সর্বশেষ প্রযুক্তির ড্রোন কিনতেই আগ্রহী। তাই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে ড্রোন বিক্রির চেষ্টা করছে চীন।
অনেক আগেই ইরান এবং উত্তর কোরিয়ার কাছে ড্রোন বিক্রি করবে না বলে জানিয়েছিল পশ্চিমা দেশগুলো। কিন্তু টেক বোদ্ধারা আশংকা করছেন, চীন তাদের কাছে ড্রোন বিক্রি করতে পারে। অন্যদিকে চীনের ড্রোনের দাম কম হওয়ায় বিভিন্ন সন্ত্রাসী সংগঠনেরও এটি কেনার আশঙ্কা রয়েছে।
