ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নষ্ট করবে ‘হোম’
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত মোবাইল ফোনের জন্য তৈরি ফেইসবুকের নতুন অ্যাপ্লিকেশন ‘হোম’ ব্যবহার করলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নষ্ট হবে, এমনটাই আশংকা করছেন টেক বোদ্ধা ও গবেষকরা। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের সহায়তায় ব্যবহারকারীদের সতর্কও করছেন তারা।
‘হোম’ অ্যাপটির সহায়তায় মোবাইল ফোনের প্রধান স্ক্রিনেই দেখা যাবে ‘ফেইসবুক ফিড’। সফটওয়্যারটি ইন্সটলের পরে ফোনের লক স্ক্রিন এবং প্রধান ডিসপ্লেতে ভেসে উঠবে ফেইসবুক নোটিফিকেশন, ব্যবহারকারীদের শেয়ার করা ছবি ও নিউজ ফিডের সর্বশেষ তথ্যাদি। কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে অ্যাপ্লিকেশনটির তথ্য সংগ্রহের প্রক্রিয়া ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নষ্ট করবে বলে জানিয়েছেন টেক বোদ্ধা ও গবেষকরা।
এ প্রসঙ্গে ফরেস্টার রিসার্চের গবেষক চার্লস গোভেন রয়টার্সকে জানান, ‘বেশিরভাগ মানুষের ‘মোবাইল এক্সপেরিয়েন্স’-এর একটি অংশ হচ্ছে ফেইসবুক। ফেইসবুক কর্তৃপক্ষ ফেইসবুককে যেমন প্রয়োজনীয় মনে করে, ব্যবহারকারীরা সেরকম মনে করেন না।’
অন্যদিকে টেকক্রাঞ্চের নাতাশা লোরান ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের প্রশ্নে মোবাইল ফোনের এ ‘ফেইসবুকিকরণকে’ হুমকি হিসেবেই মনে করছেন বলে জানান।
অ্যান্ড্রয়েড ৪ ও এর পরবর্তী অপারেটিং সিস্টেমের ফোন সাপোর্ট করবে ‘হোম’ সফটওয়্যারটি। আইফোন ও উইন্ডোজ ফোনের জন্য সফটওয়্যারটির কোনো ভার্সন তৈরি করা হবে কিনা তা এখনও জানা যায়নি। ১২ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের ফেইসবুক ব্যবহারকারীরা এটি ব্যবহারের সুযোগ পাবেন। পরবর্তীতে অন্যান্য দেশের ব্যবহারকারীরাও সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারটি, অ্যাপ স্টোর ‘গুগল প্লে’-এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন ব্যবহারকারীরা।
