উইন্ডোজ ৮, আরটি ট্যাবলেট ও পিসির জন্য ‘নোকিয়া মিউজিক’
উইন্ডোজ ৮, আরটি ট্যাবলেট ও পিসির জন্য নোকিয়া নিয়ে এসেছে ফ্রি মিউজিক স্ট্রিমিং অ্যাপ ‘নোকিয়া মিউজিক’। শুরুতে শুধু যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ব্যবহারকারীরা এ অ্যাপটি ব্যবহার করার সুযোগ পেলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যাপটি বিশ্বের অন্যান্য দেশের ব্যবহারকারীও ব্যবহার করতে পারবেন। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট টেকট্রি জানায় তথ্যটি।
নোকিয়া মিউজিক অ্যাপটি প্রথমে নোকিয়া লুমিয়া স্মার্টফোনের জন্য ছাড়া হলেও পরবর্তীতে নোকিয়া অ্যাপটির প্রিমিয়াম ভার্সন চালু করে। নোকিয়া মিউজিক+ নামের এ প্রিমিয়াম ভার্সনটির মাসিক সাবস্ক্রিপশন চার্জ ৩.৯৯ ডলার। দু’টি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ব্যবহারকারীরা মিউজিক শুনতে এবং নিজস্ব পছন্দ অনুযায়ী প্লে-লিস্ট বানাতে পারেন। এছাড়াও ‘অফলাইন স্টোরেজ’ সুবিধার মাধ্যমে অ্যাপটিতে পছন্দের গান সংরক্ষণ করতে পারবেন ব্যবহারকারীরা।
নোকিয়া মিউজিকের প্রধান মাইক বেবেল এক ব্লগ পোস্টে জানান, এখন ব্যবহারকারীরা চাচ্ছেন আরো বেশি অফলাইন স্টোরেজ, আগের তুলনায় বেশি গানের কথা পড়তে পারার সুযোগ এবং যে কোনো ডিভাইস থেকে অ্যাপটি ব্যবহার করতে। তাদের চাহিদা পূরণ করতেই ‘নোকিয়া’ অ্যাপটির পিসি ও ট্যাবলেট ভার্সন এনেছে।
