নতুন নোটবুক জিপিইউ দেখালো এনভিডিয়া
নোটবুক কম্পিউটারের ব্যবহারের জন্য তৈরি নতুন পাঁচটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) দেখিয়েছে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া। প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট জানিয়েছে, নতুন জিফোর্স ৭০০এম জিপিইউ-এর ভিন্ন পাঁচটি মডেলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এনভিডিয়া বলছে, ডিভাইসের পারফরমেন্স আরো বাড়াবে জিপিইউগুলো।
এনভিডিয়া জানিয়েছে, ইউজার ইনপুট ছাড়াই ডিভাইসের পারফরমেন্স বাড়াবে, জিটি ৭৫০ এম, জিটি ৭৪৫এম, জিটি ৭৪০এম, জিটি ৭৩৫এম এবং জিটি ৭২০এম জিপিইউগুলো। জিপিইউগুলোতে গ্রাফিক্স পারফরমেন্স বাড়ানোর জন্য রয়েছে এনভিডিয়ার বুস্ট ২.০ প্রযুক্তি। ডিভাইসের ব্যাটারি স্থায়ীত্ব বাড়াবে জিপিইউগুলো। এ ছাড়াও সফটওয়্যার দিয়ে চিপগুলোয় গেইমের ভিজুয়্যাল সেটিংস পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারী।
সিনেট জানিয়েছে, জিটি ৭২০এম এবং জিটি ৭৩৫এম জিপিইউ দু’টি মূলধারার ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই বানিয়েছে এনভিডিয়া। কম খরচে ডিভাইসের পারফরমেন্স বাড়াতে চান, এমন ক্রেতাদের জন্যই এই জিপিইউ দু’টি। আর গেইমিং এবং অন্যান্য বিশেষায়িত কাজের কথা মাথায় রেখে বানানো হয়েছে জিটি ৭৫০ এম, জিটি ৭৪৫এম এবং জিটি ৭৪০এম জিপিইউ ৩টি। জিটি ৭২০এম এবং জিটি ৭৩৫এম এর তুলনায় দাম আর শক্তি দু’টিই বেশি হবে এই জিপিইউ তিনটির।
