দাম কমলো উইন্ডোজ ৮ ট্যাবলেট ও হাইব্রিডের
টেক জায়ান্ট মাইক্রোসফটের নিজস্ব অনলাইন স্টোরে দাম কমেছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের ট্যাবলেট এবং ট্যাবলেট-ল্যাপটপ হাইব্রিড ডিভাইসের। মাইক্রোসফট স্টোরে উইন্ডোজ ৮ ডিভাইসগুলোর বড় ধরনের এই মূল্যহ্রাসের খবর জানিয়েছে, প্রযুক্তি সংবাদ বিষয়ক সাইট সিনেট।
সিনেটের দেয়া তথ্য অনুযায়ী, মাইক্রোসফট স্টোরে যে উইন্ডোজ ডিভাইসগুলোর দাম কমেছে তার মধ্যে রয়েছে তোশিবা স্যাটেলাইট ইউ৯২৫টি কনভার্টেবল আল্ট্রাবুক। ট্যাবলেট-ল্যাপটপ হাইব্রিডটির দাম ১,১৪৯ ডলার থেকে কমিয়ে ৭৯৯ ডলার করা হয়েছে। এইচপি এনভি এক্সটু টাচস্ক্রিন আল্ট্রাবুকটির দাম ৮৪৯ ডলার থেকে কমিয়ে ৫৯৯ ডলার করা হয়েছে। স্যামসাং এটিফোর স্মার্ট পিসি প্রো ৭০০টি ট্যাবলেটের দাম ১,১৯৯ ডলার থেকে ৯০০ ডলার করা হয়েছে।
মাইক্রোসফট স্টোরে উইন্ডোজ ৮ ডিভাইসের হঠাৎ ওই মূল্যহ্রাস নিয়ে প্রশ্ন তুলেছেন টেক বোদ্ধারা। মার্চ মাসেই আন্তর্জাতিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইডিসির বিশ্লেষক বব ওডনিল সিনেটকে জানিয়েছিলেন, বিক্রি থেমে আছে উইন্ডোজ ৮ ডিভাইসের। মার্চ মাসে প্রকাশিত এক প্রতিবেদনে আইডিসি জানিয়েছিলো ২০১৩ সালে কম্পিউটারের বিক্রি কমে আসবে ১.৩ শতাংশ।
