বন্ধ হলো প্রথম ‘পেটাফ্লপ’ সুপারকম্পিউটার
বন্ধ হয়ে গেলো বিশ্বের প্রথম পেটাফ্লপ গতির সুপারকম্পিউটার ‘রোডরানার’। পেটাফ্লপ বা প্রতি সেকেন্ডে এক হাজার ট্রিলিয়ন হিসাব করার ক্ষমতা ছিলো রোডরানারের। বিবিসি জানিয়েছে, সম্প্রতি রোডরানার বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেয় নিউ মেক্সিকোর লস অ্যালমোস ন্যাশনাল ল্যাবোরেটরি।
মহামারি ভাইরাস থেকে শুরু করে দূরের মহাকাশ, এমনকি পারমাণবিক গবেষণার কাজেও ব্যবহার করা হয়েছে রোডরানারকে। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটারগুলোর একটি হলেও একে প্রতিস্থাপন করছে ক্রে ইনকর্পোরেটেডের বানানো সুপারকম্পিউটার সিয়েলো।
রোডরানার বানিয়েছিলো আইবিএম। রোডরানার বানাতে ১২.১ কোটি ডলার খরচ হলেও সিয়েলো বানাতে খরচ হয় ৫.৪ কোটি ডলার, যা রোডারানারের অর্ধেকেরও কম। রোডরানারের তুলনায় গতিও বেশি সিয়েলোর।
রোডারানার তৈরি করতে আইবিএম ব্যবহার করেছিলো বিশেষভাবে পরিবর্তন করা ১২ হাজার প্রসেসর। মূল প্রসেসরগুলো তৈরি করা হয়েছিলো প্লেস্টেশন থ্রি গেইমিং কনসোলে ব্যবহারের জন্য। রোডরানার বানাতে আরও ব্যবহার করা হয়েছিলো ৯২ কিলোমিটার দৈর্ঘ্যরে সমান ফাইবার অপটিক কেবল এবং রেফ্রিজারেটরের সমান আকৃতির ২৮৮টি কেসিং।
