আসছে ৩০০০ মেগাহার্টজ গতির র্যাম
আমেরিকান পিসি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘কর্সেয়ার মেমোরি’ ৩০০০ মেগাহার্টজ গতিসম্পন্ন র্যাম বাজারে ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। কর্সেয়ারের নির্মিত এ র্যামের নাম ভেনজেন্স এক্সট্রিম। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট টেকট্রির সূত্রে জানা গেছে তথ্যটি।
ভেনজেন্স এক্সট্রিম হবে ৮ জিবি ডুয়াল-চ্যানেল ডিডিআরথ্রি র্যাম। দু’টি ৪ জিবি মেমোরিযুক্ত নতুন এ র্যাম কিটটি সাধারণ এয়ার কুলিং-এ ১.৬৫ ভোল্টে, ১২-১৪-১৪-৩৬ ল্যাটেন্সি সেটিংসে ডেটা আদান-প্রদান করবে ৩০০০ মেগাহার্টজ গতিতে । তৃতীয় প্রজন্মের ইনটেল কোর প্রসেসরের সঙ্গে যুক্ত মেমোরি কন্ট্রোলারে ভেনজেন্স এক্সট্রিম র্যামটি সম্পূর্ণ গতিতে কাজ করবে বলেও জানিয়েছে সাইটটি।
ভেনজেন্স এক্সট্রিম র্যামটির পারফরমেন্স পরীক্ষা করতে ব্যবহার করা হয়েছে ইনটেল জেড৭৭, আসুস পি৮জেড৭৭-আই ডিলাক্স এবং এএসরক জেড৭৭ ওসি মাদারবোর্ড।
র্যামটি সম্পর্কে নির্মাতা প্রতিষ্ঠানের জিএম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থি-লা বলেন, ‘আমাদের প্রকৌশলী টিমের কঠোর পরিশ্রমের ফলে আমরা পেয়েছি মেমোরির এক নতুন প্রযুক্তি। নতুন এ প্রযুক্তিটি আমাদের নতুন পণ্য ভেনজেন্স এক্সট্রিমের মাধ্যমে গ্রাহকদের পৌছে দিতে পারলেই আমরা খুশি হবো।’।
