দ্রুততম ‘স্ট্রিট লিগাল’ গাড়ি ওয়েবার ফাস্টারওয়ান
সুইজারল্যান্ডের স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান ‘ওয়েবার স্পোর্টকারস’ রাস্তায় চলাচলের উপযোগী (স্ট্রিট লিগাল) বিশ্বের সবচেয়ে দ্রুতগতির গাড়ি বানিয়েছে। জিটিস্পিরিট-এর সূত্রে জানা যায়, এক আনুষ্ঠানিক ঘোষণায় প্রতিষ্ঠানটি দাবি করেছে তাদের তৈরি নতুন গাড়ি ফাস্টার ওয়ান বা এফওয়ান বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ‘স্ট্রিট লিগাল’ গাড়ি।
ওয়েবার জানায়, তাদের তৈরি ফাস্টার ওয়ানে রয়েছে ১২০০ অশ্বশক্তির ভি-১০ ইঞ্জিন। ঘণ্টায় ৪০০ কিলোমিটার পর্যন্ত গতিতে দৌড়াতে পারে গাড়িটি। মাত্র ১৬.২ সেকেন্ডেই স্থিতাবস্তা থেকে গতি বাড়িয়ে প্রতি ঘন্টায় ৩০০ কিলোমিটার গতিতে চালানো যাবে গাড়িটি।
ওয়েবার এফওয়ানে থাকবে ৬৫ কিলোগ্রাম ওজনের কার্বন ফাইবার চেসিস, ৫৬০০ সিসির ভি১০-সিলিন্ডার, চারটি ভালভের লাইট অ্যালয় ইঞ্জিনের সঙ্গে দু’টি টার্বো চার্জার্স এবং ৭০০০ আরপিএম এ ১২০০পিএস/৮৮২.৩ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ইন্টারকুলার।
বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ‘স্ট্রিট লিগাল’ গাড়ি হচ্ছে বুগাটি ভেরোন। বুগাটির দাবী অনুযায়ী ভোক্সওয়াগনের এ গাড়িটির রাস্তায় সর্বোচ্চ গতিবেগ হচ্ছে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। এখন দেখার বিষয় এটিই বাজারে আসার পর এফওয়ান গাড়িটি বুগাটি ভেরোনকে পেছনে ফেলতে পারে কিনা।
