২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটারের ‘ইনভিসিবিলিটি ক্লোক’ বানালেন বিজ্ঞানীরা

হ্যারি পটারের ‘ইনভিসিবিলিটি ক্লোক’-এর ছোট একটি নমুনা বাস্তবে তৈরি করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানবিষয়ক সাইট লাইভসায়েন্স জানিয়েছে, ল্যাবের পরীক্ষায় ছোট আকারের এ নমুনাটি দৃশ্যমান আলোতে কাজ না করলেও মাইক্রোওয়েভ আলোতে কাজ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 02:50 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

নতুন এই ইনভিসিবিলিটি ক্লোক-এর নমুনাটি তৈরি করতে পদার্থবিদরা ব্যবহার করেছেন কপার টেপ ও পলিকার্বনেট ফিল্ম-এর সংযোজনে তৈরি মেটাস্ক্রিন নামের নতুন একধরনের পদার্থ। মেটাস্ক্রিন তৈরিতে ব্যবহৃত কপার টেপ ও পলিকার্বনেটকে যুক্ত করা হয়েছে ডায়াগোনাল ফিশনেট প্যাটার্নে।

মেটাস্ক্রিনে তৈরি এ ইনভিসিবিলিটি ক্লোক ‘ম্যান্টল ক্লোকিং’ প্রক্রিয়ায় আলোর তরঙ্গকে ফিরিয়ে দেয়। ফলে ক্লোকটি দিয়ে ঢেকে রাখা বস্তুর আলো চোখে দেখা যায় না। এ বিষয়টি অস্টিনের ইউনিভার্সিটি অফ টেক্সাস-এর পদার্থবিদ ও গবেষকদের একজন আন্দ্রেয়া আলু এক বিবৃতিতে জানান। ল্যাবের পরীক্ষায় আন্দ্রেয়া আলু ও তার সহকর্মীরা সাত ইঞ্চির একটি সিলিন্ড্রিকাল রড মাইক্রোওয়েভ আলোতে অদৃশ্য করতে সক্ষম হন। তারা বলেছেন, একই প্রক্রিয়ায় অন্য বস্তুও মাইক্রোওয়েভ আলো থেকে অদৃশ্য করা সম্ভব।

গবেষকরা মার্চের ২৬ তারিখে প্রকাশিত পদার্থবিজ্ঞানের একটি প্রতিবেদনে এই নতুন যন্ত্রের বিষয়টি জানান।