ব্রাউজারেই ‘কনসোল-কোয়ালিটি’ গেইম আনবে মোজিলা
বায়োশক ইনফিনিট বা এপিক গেইমস-এর তৈরি গেইমিং ইঞ্জিন ‘আনরিয়াল ইঞ্জিন থ্রি’-এর গেইমগুলোর মতো কনসোল ভিডিও গেইমগুলো ওয়েব ব্রাউজারে খেলা গেলে অবাক হতেই পারেন গেইমাররা। কিন্তু প্রযুক্তি বিষয়ক সাইট বিজিআর জানিয়েছে, গেইমগুলোকে ব্রাউজারে খেলার উপযোগী করতে নাকি উঠে-পড়েই লেগেছে ফায়ারফক্স ওয়েব ব্রাউজার নির্মাতা মোজিলা।
ঠিক কবে নাগাদ মোজিলা ব্রাউজারেই কনসোল গেইম খেলার সুবিধা চালু করবে, তা এখনও নিশ্চিত নয়। তবে ফায়াফক্স ব্রাউজার ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় এক ফিচার হবে এটি। বায়োশক ইনফিনিট, ম্যাস ইফেক্ট থ্রি এবং ব্যাটম্যান: আর্কহ্যাম সিটির মতো জনপ্রিয় গেইম খেলা যাবে ফায়াফক্স ব্রাউজারেই। তবে গেইমগুলো নিয়ে সফল হতে হলে মোজিলাকে যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটি অতিক্রম করতে হবে, তা হলো ইন-ব্রাউজার গেইম ডেটা স্ট্রিমিংয়ের সময় কমিয়ে আনা।
বর্তমানে দ্রুতগতির ইন্টারনেট সংযোগেও এক জিবি ম্যাপ ডেটা এবং টেক্সচার ওয়েব সার্ভার থেকে ডাউনলোড করতে কম করে হলেও ৩০ মিনিট অপেক্ষা করতে হয় গেইমারকে। গেইম স্ট্রিমিংয়ের এই সমস্যা সমাধান করতে ওয়েব জিএল-এর ডেভেলপার প্রতিষ্ঠান খ্রোনোস গ্রুপ থ্রিডি মডেল, টেক্সচার এবং থ্রিডি অ্যাপ্লিকেশনে প্রয়োজনীয় সব রিসোর্সের জন্য এক সেট কমন ডেটা ফরম্যাট বানাচ্ছে বলেই জানিয়েছে এআরএস টেকনিকা।
