অ্যান্ড্রয়েডের থেকেও বেশি ঝুঁকিপূর্ণ আইফোন!
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের থেকেও বেশি ঝুঁকিপূর্ণ মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের তৈরি আইফোন। অ্যান্ড্রয়েড ওপেন প্ল্যাটফর্ম অপারেটিং সিস্টেম (ওএস) হবার কারণে এর ‘থার্ড পার্টি’ এবং হ্যাকারদের তৈরি ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি অনেক বেশি। এদিক থেকে এতোদিন আইফোনকে তুলনামূলক নিরাপদ ভাবা হলেও এর বিপরীত তথ্য দিয়েছে নেটওয়ার্ক সিকিউরিটি পণ্য নির্মাতা সোর্সফায়ার।
প্রযুক্তি বিষয়ক সাইট বিজিআর জানিয়েছে, সাম্প্রতিক গবেষণায় আইফোনের নিরাপত্তা ব্যবস্থায় ২১০টি খুঁত খুঁজে পেয়েছে সোর্সফায়ার। সোর্সফায়ারের দেয়া তথ্য অনুযায়ী, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে অ্যান্ড্রয়েড, উইন্ডোজ এবং ব্ল্যাকবেরি স্মার্টফোনের থেকেও বেশি ঝুঁকিপূর্ণ আইফোন।
প্রযুক্তি বিষয়ক সাইট জিডিনেটকে দেয়া এক সাক্ষাৎকারে সোর্সফায়ারের সিনিয়ার রিসার্চ ইঞ্জিনিয়ার এবং গবেষণা প্রতিবেদনটির লেখক ইয়েভস ইউনান গবেষণা থেকে পাওয়া তথ্যগুলোকে ‘বিস্ময়কর’ বলে অভিহিত করেন। আইফোনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অ্যাপল নিয়মিত সফটওয়্যার আপডেট এবং নতুন নতুন সিকিউরিটি ফিচার যোগ করার পরও স্মার্টফোনগুলোর দুর্বলতা বেশ ‘কৌতুহলোদ্দীপক’ বলেও মন্তব্য করেন তিনি।
ইউনানের মতো স্মার্টফোন বাজারে সিংহভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দখলে থাকলেও ব্যবহারকারীদের মধ্যে আইফোনর জনপ্রিয়তা এখনও আকাশ ছোঁয়া। অন্যদিকে ওপেন প্ল্যাটফর্ম ওএস হবার কারণে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা খুঁজে বের করা অনেকটাই সোজা। এ কারণগুলোর জন্যে সাইবার অপরাধীদের মধ্যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তুলনায় আইফোনের নিরাপত্তা ব্যবস্থার খুঁত খুঁজে বের করার আগ্রহটাই বেশি।
