এক্সেল স্প্রেডশিটেই গেইম বানালেন হিসাবরক্ষক
কানাডিয়ান হিসাবরক্ষক কেরি ওয়াকিন শুধু এক্সেল স্প্রেডশিট ব্যবহার করে বানিয়েছেন একটি বেসিক ভিডিও গেইম। ‘এরিনা ডট এক্সওয়ান’ নামের এ গেইমটিতে গেইমারদের এরিনায় লড়াই করতে হবে বিভিন্ন কাল্পনিক দৈত্য-দানবের সঙ্গে। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সম্পূর্ণ গেইমটিতে গেইমারকে একটি এরিনায় মোকাবেলা করতে হবে দুই হাজার শত্রুর। এ ছাড়াও আটজন শক্তিশালী ‘বস’-এর মুখোমুখি হতে হবে গেইমটি খেলার সময়। এতে রয়েছে বিভিন্ন আইটেম, যা গেইমারকে সহায়তা করবে লড়াই করতে ও শত্রুর আক্রমণ ঠেকাতে। বিভিন্ন রকমের শত্রুর দেখা পাওয়া যাবে গেইমটিতে, যেমন- হায়েনা, ব্ল্যাক উইডো স্পাইডার, অ্যানাকন্ডা ইত্যাদি। প্রতিটি শত্রুকে হারানোর মাধ্যমে গেইমারের গেইমিং লেভেল ও লড়াইয়ের শক্তি বাড়বে।
গেইমটি তৈরি করতে ওয়াকিন ব্যবহার করেছেন স্প্রেডশিটের বিভিন্ন সহজ প্রোগ্রাম ও শর্টকার্ট কি। গেইমটি এক্সেল ২০০৭, ২০১০ এবং ২০১৩ ভার্সনের মাধ্যমে খেলা গেলেও ম্যাক-এর স্প্রেডশিট ভার্সনে খেলা যাবে না। গেইমটি তৈরি করতে নির্মাতার সময় লেগেছে চার মাস।
