ছোট-বড় ‘টাইলস’ থাকবে উইন্ডোজ ব্লুতে
একের পর এক ফাঁস হচ্ছে উইন্ডোজ ব্লু হিসেবে পরিচিত উইন্ডোজ ৮-এর পরবর্তী অপারেটিং সিস্টেমটির নতুন ফিচারগুলো। প্রযুক্তি সংবাদ বিষয়ক সাইট সিনেট জানিয়েছে, উইন্ডোজ ৮-এর মতোই উইন্ডোজ ব্লুতে স্টার্ট স্ক্রিনেও থাকবে টাইলস। তবে অ্যাপ এবং কাজের ধরনের ওপর ভিত্তি করে ছোট-বড় দু’ভাবেই থাকবে টাইলগুলো।
উইন্ডোজ ব্লুতে বড়-ছোট দু’ধরনের লাইভ টাইল সেটআপের পাশাপাশি বাড়বে টাইলগুলোর ওপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ। থাকবে ‘কালার পার্সোনালাইজেশন’ সুবিধা। স্টাইল সেটিংয়ে একাধিক নতুন অপশন এবং পুরো পর্দা সমান দু’ভাগ করে একসঙ্গে পাশাপাশি চালানো যাবে দু’টি অ্যাপ।
পোলিশ ভাষার ওয়েবসাইট উইনফোরাম-এর বরাত দিয়ে উইন্ডোজ ব্লু সম্পর্কে তথ্যগুলো জানিয়েছেন প্রযুক্তি বিষয়ক সাইট দি ভার্জের প্রতিবেদক টম ওয়ারেন। ‘উইন্ডোজ ৮ ট্যাবলেট ব্যবহারকারীদের প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য যেনো বারবার ডেস্কটপ কন্ট্রোল প্যানেলে যেতে না হয়, সেটাই নিশ্চিত করার চেষ্টা করছে মাইক্রোসফট’- এমন মন্তব্য করেছেন ওয়ারেন।
মাইক্রোসফট আগামী কয়েক মাসের মধ্যেই উইন্ডোজ ব্লু দেখাবে বলে মনে করছেন টেক বোদ্ধারা। ‘ব্লু’ শুধু উইন্ডোজ ৮-এর আপডেট অপারেটিং সিস্টেমটির কোড নেইম নয়, উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম, উইন্ডোজ সার্ভার এবং উইন্ডোজের নতুন সার্ভিসগুলোর ক্ষেত্রেও একই কোড নেইম ব্যবহার করছে মাইক্রোসফট।
উইন্ডোজ ব্লু, উইন্ডোজ ৮ চালিত ট্যাবলেট এবং মোবাইল ফোনগুলোর টাচ ও ভয়েস রিকগনিশন ব্যবস্থা আরো উন্নত করার পাশাপাশি ডিভাইসগুলো চালাতে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তির সাশ্রয় করবে বলেই মনে করছেন টেক বোদ্ধারা।
