২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে প্রতি দশজনে একজন হয়রানির শিকার

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটারে অশালীন বা আক্রমণাত্মক বার্তার সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে গ্লোবাল মার্কেট ইনসাইট নামের একটি সংস্থা। টেলিগ্রাফ জানিয়েছে, প্রতি দশজনে একজন ফেইসবুক ব্যবহারকারী এ ধরনের হয়রানির শিকার।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 10:19 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

গবেষণায় ফেইসবুক ব্যবহারকারী প্রতি দশজনে একজনের ক্ষেত্রে দেখা গেছে, তাদের ওয়ালে পরিচিত বা অপরিচিত অ্যাকাউন্ট থেকে প্রায়ই অপমানজনক বা অভদ্র ভাষায় পোস্ট করা হচ্ছে। ১৮ থেকে ২৪ বছর বয়সি ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে এ সমস্যা এক চতুর্থাংশ বাড়লেও ২৫ থেকে ৩৪ বছর বয়সিদের ক্ষেত্রে  এ ধরনের অপমানজনক বা বিব্রতকর বার্তা আসার পরিমাণ ১৬ ভাগ কমেছে।

গবেষণায় অংশ নেয়া শতকরা ৬১ জন জানিয়েছেন, ফেইসবুক ব্যবহার করতে গিয়ে তাদের ক্ষেত্রে এ ঘটনাগুলো দুই-এক বার ঘটেছে। যদিও আট ভাগ সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীর দাবি, মাসে অন্তত একটি করে ‘অসামাজিক’ বার্তা তাদের ওয়ালে পোস্ট করা হয়। মাঝে মাঝে ওয়ালে কিছু পোস্ট দেখে বিব্রত হন এমন ব্যবহারীর সংখ্যা তিন ভাগ। এছাড়া ২০১২ সালে অন্তত পাঁচটি বিব্রতকর ও অপমানজনক পোস্ট পেয়েছেন তিন ভাগ ব্যবহারকারী।

গবেষকরা জানান, শতকরা ৬২ জনের ওয়ালে অপমানজনক যে বার্তাগুলো পোস্ট করা হয় সেগুলো আসে পরিচিতদের কাছ থেকে, যারা ব্যক্তিগতভাবে পরিচিত ও দৈনন্দিন জীবন সম্পর্কে জানেন।