নিরাপত্তা সমস্যার সমাধান করলো অ্যাপল
অ্যাপল আইডি নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ধরা পড়ার পর পাসওয়ার্ড পেইজটি বন্ধ করে দিয়েছিলো অ্যাপল। নিরাপত্তা ব্যবস্থার ওই দুর্বলতাটি ঠিক করার পর আবার পাসওয়ার্ড পেইজ চালু করেছে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক সাইট সিনেটের খবর অনুযায়ী, নিরাপত্তা ব্যস্থার খুঁতটির সুযোগ নিয়ে ব্যবহারকারীর ইমেইল অ্যাড্রেস আর জন্ম তারিখ জানা থাকলেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাল্টে দিতে পারতো হ্যাকাররা।
নিরাপত্তা ব্যবস্থার খুঁতটি ধরা পড়ার পর অ্যাপল ‘আই ফরগট’ রিসেট পেইজটি বন্ধ করে দিয়েছিলো। পেইজটির নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার পর আবার চালু করা হয়েছে বলে সিনেটকে জানিয়েছে অ্যাপল।
নিরাপত্তা ব্যবস্থার ওই খুঁতটির বদৌলতে একটি বিশেষ ইউআরএল ব্যবহার করে সিকিউরিটি প্রশ্নের উত্তর না দিয়েই পাসওয়ার্ড বদলে দিতে পারতো একজন হ্যাকার। তবে যেসব অ্যাপল ব্যবহারকারী ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ ব্যবস্থা চালু করেছিলেন, পাসওয়ার্ড পেইজের ওই সিকিউরিটি সমস্যার মুখোমুখি হতে হয়নি তাদের। মার্চের তৃতীয় বৃহস্পতিবার সার্ভিসটি চালু করেছিলো অ্যাপল।
তবে প্রযুক্তি বিষয়ক অপর একটি সাইট ‘দি ভার্জ’ জানিয়েছে, ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ ব্যবস্থা চালু করতে বেশ কিছু সংখ্যক অ্যাপল ব্যবহারকারীকে অপেক্ষা করতে হবে আরো তিন দিন। অ্যাপলের নতুন সার্ভিসটি চালুও হয়েছে হাতে গোনা কয়েকটি দেশে।
