এলো অনলাইনে ফ্রি সিনেমা দেখার বৈধ উপায়!
পাইরেসি ছাড়াই জনপ্রিয় সিনেমাগুলো এখন বিনামূল্যেই দেখা যাবে অনলাইনে। প্রযুক্তি সংবাদ বিষয়ক ওয়েবসাইট টেকনিউজডেইলি জানিয়েছে, সিনেমা ভক্তরা এখন বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ পাবেন হিটব্লিসডটকম সাইটটিতে।
হিটব্লিসডটকমে শুধু সিনেমা নয়, পছন্দের টিভি শো’র এপিসোডও দেখা যাবে। সাইটটি যে সেবা দিচ্ছে, তা একেবারেই নতুন। সাইটটিতে টিভি শো বা সিনেমা দেখার জন্য প্রথমে কিছুক্ষণ বাণিজ্যিক বিজ্ঞাপন দেখে কাটাতে হবে আপনাকে। ১০ মিনিট বিজ্ঞাপন দেখলেই আপনি পাবেন পাঁচ ডলারের ‘ভার্চুয়াল ক্রেডিট’, যা খরচ করেই আপনি দেখতে পারবেন পছন্দের সিনেমাটি।
‘পুরো ব্যাপারটি অনেক ঝক্কি ঝামেলার মনে হলেও আদতে একেবারেই সোজা। আর সাইটটিতে মুভি বা টিভি শো দেখার সময় কোন বিজ্ঞাপন বিরতিতেও পড়তে হবে না’- জানিয়েছে টেকনিউজডেইলি।
তবে সাইটটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। কেবল ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার থেকেই হিটব্লিসে সিনেমা দেখা যাবে। স্মার্টফোন বা ট্যাবলেট থেকে আপাতত দেখা যাবে না সিনেমাগুলো। তবে খুব শিগগিরি আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সার্ভিসটি চালু করার পরিকল্পনা আছে বলেই জানানো হয়েছে সাইটটির পক্ষ থেকে।
