‘সস্তার আইফোন’ আনছে অ্যাপল
আইফোনের উচ্চমূল্যকে স্বীকার করেই বাজার সম্প্রসারণ করতে এবার কম দামের আইফোন ফাইভ বাজারে ছাড়ার কথা জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। টেলিগ্রাফের বরাত দিয়ে জানা গেছে, কম দামের আইফোন ফাইভ তৈরিতে প্লাস্টিকের বডি ও কেসিং ব্যবহার করা হবে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান জেফরিস অ্যান্ড কোম্পানির বিশ্লেষক পিটার মিসেক জানিয়েছেন, জুন নাগাদ কম দামের আইফোন তৈরি শুরু হবে। এতে উৎপাদন খরচ কম হওয়ায় প্লাস্টিকের মোড়কে আবৃত আইফোন ফাইভের দাম অর্ধেকে নেমে আসবে। গ্রীষ্মে ডিভাইসটি বাজারে ছাড়তে পারে অ্যাপল।
এছাড়া কানাডিয়ান অপর একটি আর্থিক প্রতিষ্ঠান ‘আরবিসি ক্যাপিটাল মার্কেট’ বিনিয়োগকারীদের জানিয়েছে, এ বছরের জুন-জুলাইতে আইফোন ফাইভ এস-এর পাশাপাশি কম দামের আইফোন বাজারে আনছে অ্যাপল।
আরবিসি ক্যাপিটাল মার্কেটের বরাত দিয়ে এ মাসের শুরুতে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছিলো, বাজেট ভার্সনের আইফোন ফাইভের দাম পড়তে পারে ৩৩০ মার্কিন ডলার।
