যান্ত্রিক লেগো দিয়ে তৈরি ‘টোয়া মাটা ব্যান্ড’
ইটালিয়ান সঙ্গীত প্রযোজক জুসেপে অ্যাচিতো তৈরি করেছেন বিশ্বের প্রথম লেগো ব্যান্ড। ‘টোয়া মাটা ব্যান্ড’ নামের এ ব্যান্ডটি তৈরি করতে অ্যাচিতো ব্যবহার করেছেন বেশ কিছু লেগো ব্লক। যান্ত্রিক লেগোর ফিগারগুলো বিশেষভাবে প্রোগ্রাম করা হয়েছে, যাতে এর প্রতিটি অংশ ভিন্ন ভিন্ন সুর বাজাতে পারে। সম্প্রতি এ তথ্যটি জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
প্রতিটি ফিগার তৈরি করা হয়েছে লেগোর বায়োনিকল অংশ দিয়ে। আইপ্যাডের মিডি সিকেয়েন্সার অ্যাপ নর্ড বিট-এর সঙ্গে মাইক্রোকন্ট্রোলার বোর্ড আরদুইনো উনো সংযুক্ত করে নিয়ন্ত্রণ করা হয় লেগো ফিগারগুলোকে।
প্রোগ্রাম করা মিউজিক ছাড়া লাইভ পারফরমেন্সও করতে পারবে টোয়া মাটা ব্যান্ড। তবে সেক্ষেত্রে প্রয়োজন পড়বে মিডি সিকোয়েন্স নিয়ন্ত্রণ করার জন্য একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের দেয়া নির্দেশ অনুযায়ী, মিডি সিকোয়েন্সের সহায়তায় লাইভ পারফর্ম করবে ব্যান্ডটি।
অন্য একটি প্রযুক্তিবিষয়ক সাইট গিজম্যাগ এর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এরকম একটি মডেলই বানিয়েছেন অ্যাচিতো। ভবিষ্যতে প্রকল্পটি নিয়ে কাজ করার ইচ্ছে আছে বলেও জানিয়েছেন তিনি।
