২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাশওয়েল চিপের আল্ট্রাবুকে চলবে উইন্ডোজ ব্লু

চিপ জায়ান্ট ইনটেলের নতুন প্রজন্মের হ্যাশওয়েল মাইক্রোচিপের আল্ট্রাবুকগুলো চলবে উইন্ডোজ ব্লু অপারেটিং সিস্টেমে। টেক জায়ান্ট মাইক্রোসফটের গোপন সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 09:51 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

জুন মাসে বাজারে আসার কথা রয়েছে ইনটেল হ্যাশওয়েল চিপের। আল্ট্রাবুক ছাড়াও বিভিন্ন ধরনের ট্যাবলেট, ল্যাপটপ এবং হাইব্রিড ডিভাইসে ব্যবহার করা যাবে হ্যাশওয়েল চিপ। হ্যাশওয়েল চিপের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে ব্যাটারি স্থায়িত্ব। ইনটেলের এই নতুন চিপগুলো কম বিদ্যুৎশক্তি খরচ করবে। ফলে বর্তমান আল্ট্রাবুকগুলোর থেকেও দীর্ঘস্থায়ী হবে হ্যাশওয়েল আল্ট্রাবুকের ব্যাটারি।

আর হ্যাশওয়েল চিপসমৃদ্ধ আল্ট্রাবুকের অপারেটিং সিস্টেম (ওএস) হবে মাইক্রোসফটের উইন্ডোজ ব্লু। মূলত উইন্ডোজ ৮-এর আপডেট হবে উইন্ডোজ ব্লু। হ্যাশওয়েল ডিভাইসে অপারেটিং সিস্টেমের দিক থেকেও নতুন অনেক ফিচার যোগ করবে উইন্ডোজ ব্লু। ডিভাইসের বিদ্যুৎ শক্তির ব্যবহারেও ইতিবাচক পরিবর্তন আনবে ওএসটি।

হ্যাশওয়েল চিপ ডিভাইসে উইন্ডোজ ব্লু অপারেটিং সিস্টেমটি অনেকটা স্মার্টফোন বা ট্যাবলেটের ওএসের মতো কাজ করবে। ‘আপনি এমন একটি আল্ট্রাবুক কিনতে পারবেন যা কিনা গতির দিক থেকে টপকে যাবে আইভি ব্রিজ পিসিকে, কিন্তু ব্যাটারি স্থায়িত্বটাও হবে আরো বেশি’ এমনটাই বলেছেন মাইক্রোসফটের ওই গোপন সূত্র। উল্লেখ্য, আইভি ব্রিজ হচ্ছে ইনটেলের বর্তমান মেইনস্ট্রিম চিপ।