২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্যাফায়ার’ দিয়ে তৈরি হবে স্মার্টফোন স্ক্রিন

ভবিষ্যতে স্মার্টফোনের স্ক্রিন তৈরি হতে পারে স্যাফায়ার বা নীলকান্ত মণি দিয়ে। সামরিক যানের বর্ম বানাতে অহরহ ব্যবহার করা হয় স্যাফায়ার। প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, স্মার্টফোন স্ক্রিনে আঁচড়ের দাগ পড়া বা হাত থেকে পড়ে স্ক্রিন ফেটে যাবার মতো সমস্যার স্থায়ী সমাধান করতে পারে স্যাফায়ার দিয়ে বানানো স্মার্টফোন স্ক্রিন।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 07:18 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

পৃথিবীর সবচেয়ে শক্ত খনিজ পদার্থগুলোর একটি হলো স্যাফায়ার। বর্তমানে স্মার্টফোনে স্যাফায়ার ব্যবহার না হবার কারণ একটাই- এর ব্যয়। যেখানে গোরিলা গ্লাস ডিসপ্লে বানাতে খরচ হয় তিন ডলার, সেখানে স্যাফায়ার ডিসপ্লে বানাতে খরচ হয় ৩০ ডলার।

স্মার্টফোনের জন্য অল্প খরচের স্যাফায়ার ডিসপ্লে বানাতে কাজ করছে মার্কিন প্রতিষ্ঠান জিটি অ্যাডভান্সড টেকনোলজিস। এমআইটি টেকনোলজি রিভিউ রিপোর্ট অনুযায়ী, মানুষের চুলের থেকেও পাতলা স্যাফায়ার স্ক্রিন বানাতে গবেষণা করছে প্রতিষ্ঠানটি।

এমআইটির প্রতিবেদন অনুযায়ী, স্যাফায়ার দিয়ে গোরিলা গ্লাসের চেয়েও অল্প খরচের স্মার্টফোন ডিসপ্লে বানানোর লক্ষ্যে কাজ করছে অ্যাডভান্সড টেকনোলজিস। প্রতিষ্ঠানটি সফল হলে হাল আমলের গোরিলা গ্লাস স্ক্রিনের চেয়েও টেকসই হবে ভবিষ্যতের স্মার্টফোনগুলোর স্ক্রিন।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ জায়েদ/ওএসপি/মার্চ ২৩/১৩