মহাকাশ অভিযানের জন্য প্লুটোনিয়াম উৎপাদন শুরু করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এনার্জি মহাকাশ অভিযানে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য আবার প্লুটোনিয়াম উৎপাদন শুরু করেছে। এক প্রতিবেদনে রয়টার্স জানায়, সোমবার নাসা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।
সাধারণত তাপ উৎপাদনের জন্য প্লুটোনিয়াম ব্যবহার করা হয়। রেডিওআইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটর নামে একধরনের ডিভাইসের মাধ্যমে এই তাপকে বিদ্যুতে রূপান্তরিত করা হয়।
নাসা ১৯৭০ সাল থেকে পারমাণবিক শক্তিচালিত উপগ্রহ পরিচালনা করছে। এদের মধ্যে আছে শনিকে প্রদক্ষিণরত ক্যাসিনি, ভয়েজারসহ আরও অনেক উপগ্রহ। এছাড়া মঙ্গলে পাঠানো মার্স রোভার কিউরিসিটিও এধরনের জ্বালানি ব্যবহার করে।
নাসার প্ল্যানেটারি সায়েন্স ডিভিশনের প্রধান জিম গ্রিন বলেন, ‘এ নতুন প্লুটোনিয়াম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
এছাড়া নাসা আরেকটি উন্নত জেনারেটর নিয়ে কাজ করছে, যা প্রতি কিলোগ্রাম প্লুটোনিয়াম-২৩৮ থেকে চারগুণ বেশি শক্তি উৎপন্ন করবে। আশা করা হচ্ছে, প্রকল্প দুটির নির্মাণ ২০১৬ সালের মধ্যে শেষ হবে।
