আইওস-এ ফেইসবুক ফটো আপলোডের নতুন ফিচার
সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেইসবুক তাদের নিউজফিড ও টাইমলাইন ফিচার আপডেটের পর নতুন এক ফিচার নিয়ে এলো অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস-এর ফেইসবুক অ্যাপ্লিকেশনের জন্য। প্রযুক্তিবিষয়ক সাইট টেকট্রি জানায়, নতুন এই ফিচারের সহায়তায় ফেইসবুক ব্যবহারকারীরা সহজেই আইওএস ডিভাইস থেকে সরাসরি কভার ফটো আপলোড করতে পারবেন।
আইফোন ব্যবহারকারীরা এখন সহজেই ছবি তুলে ফেইসবুকে কভার ফটো হিসেবে আপলোড করতে পারবেন, নিতে পারবেন গ্রুপ মেসেজিং-এর বিভিন্ন সুবিধাও। তবে অ্যাপ্লিকেশনটির এ ফিচারের মাধ্যমে আগে থেকে আপলোড করা ছবি ফেইসবুক কভার ফটো হিসেবে দেয়া যাবে না।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-এর ফেইসবুক অ্যাপ্লিকেশনে এ ফিচার থাকলেও আইওএস অপারেটিং সিস্টেম-এ কভার ফটো আপলোডের এরকম ফিচার একবারেই নতুন। মোবাইলের মাধ্যমে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা আগের তুলনায় বাড়ার কারণেই নিত্যনতুন মোবাইল অ্যাপ্লিকেশন ও ফিচার নিয়ে এসেছে ফেইসবুক।
আইওএস-এর জন্য ফেইসবুকের এ নতুন ফিচারসমৃদ্ধ অ্যাপ্লিকেশনটি সংগ্রহ করা যাবে অ্যাপলের মিউজিক প্লেয়ার ও মিডিয়া লাইব্রেরি হিসেবে পরিচিত আইটিউনস থেকে।
