২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজব নয়, সত্যিই স্মার্ট ওয়াচ বানাচ্ছে স্যামসাং

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ‘স্মার্ট ওয়াচ’ বানাচ্ছে, এমন গুজব রটেছে বেশ অনেকদিন আগেই। অ্যাপলের স্মার্ট ওয়াচের গুজবটির সত্যতা এখনও নিশ্চিত না হলেও মোবাইল ফোন মার্কেটে প্রতিষ্ঠানটির মূল প্রতিদ্বন্দ্বী স্যামসাং যে স্মার্ট ওয়াচ বানাচ্ছে, তা এখন নিশ্চিত। বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, স্যামসাংয়ের স্মার্ট ওয়াচ বানানোর খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট লি ইয়ং হি।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 06:16 PM

Updated : 25 Apr 2022, 06:30 PM

সম্প্রতি ব্যবসা এবং অথনীতি বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দক্ষিণ কোরিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে স্মার্ট ওয়াচ বানানোর খবরটি নিশ্চত করেন হি। অ্যাপলের আইওয়াচ বানানোর গুজব নিয়ে ‘স্যামসাং খুব একটা চিন্তিত নয়’, ওই সাক্ষাৎকারে এমনটাও বলেছেন তিনি।

ব্লুমবার্গকে দেয়া ওই সাক্ষাৎকারে হি বলেন, ‘স্মার্ট ওয়াচটি নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি আমরা। এর পেছনে আমরা অনেক শ্রম দিয়েছি। ভবিষ্যতের প্রযুক্তিপণ্য নিয়ে কাজ করছি আমরা, আর স্মার্ট ওয়াচটি অবশ্যই ওই পণ্যগুলোর একটি।’

স্মার্ট ওয়াচ বানানোর খবর নিশ্চিত করলেও ডিভাইসটি নিয়ে বিস্তারিত কিছু জানাননি হি। স্মার্ট ওয়াচটি কবে নাগাদ বাজারে আসবে, কি কি ফিচার থাকবে এতে, দামটাই বা কেমন হবে এসব তথ্য গোপন করে গেছেন হি।