অ্যাপল কম্পিউটারে নতুন ম্যালওয়্যার আক্রমণ
নতুন এক ট্রোজান ম্যালওয়্যার আক্রমণের শিকার হচ্ছে টেক জায়ান্ট অ্যাপলের তৈরি কম্পিউটার অপারেটিং সিস্টেম ‘ম্যাক ওএসএক্স’। ট্রোজান ম্যালওয়্যারটি ম্যাক ব্যবহারকারীর পিসিতে একটি অ্যাডওয়্যার প্লাগইন ইনস্টল করে দেয়, যা কোন ওয়েবপেইজে ঢুকলেই অনাকাক্সিক্ষত বিজ্ঞাপন দেখায় ব্যবহারকারীকে। প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট জানিয়েছে, ওই বিজ্ঞাপনের প্রচারণা থেকেই আয় করে ট্রোজান.ইওন্টু.ওয়ান ম্যালওয়্যারটির লেখক।
সাম্প্রতিক সময়ে অনেক বেড়ে গেছে ট্রোজান অ্যাডওয়্যারের সংখ্যা। এর মধ্যে বিশেষভাবে ম্যাক অপারেটিং সিস্টেমের ম্যালওয়্যারগুলোর মধ্যে ব্যবহারকারীদের সবচেয়ে বেশি বিড়ম্বনায় ফেলছে ট্রোজান.ইওন্টু.ওয়ান। ম্যালওয়্যারটি আবিষ্কার করে রাশিয়ার অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠান ড. ওয়েব। ২০১২ সালে ফ্ল্যাশব্যাক ভাইরাসটিও আবিষ্কার করেছিলো ওই একই প্রতিষ্ঠান।
একাধিক উপায়ে ম্যাক কম্পিউটারে ইনস্টল হয়ে যেতে পারে ম্যালওয়্যারটি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ইনস্টলেশনের মাধ্যম হিসেবে মুভি ট্রেইলারের ব্যবহার। ব্যবহারকারী কোনো মুভি ট্রেইলার দেখতে গেলে খুলে যায় একটি ডায়ালগ বক্স, যা থেকে প্লাগইন ইনস্টল করতে বলা হয় ব্যবহারকারীকে। প্লাগইন ইনস্টল করার জন্যে ক্লিক করলেই অন্য একটি সাইটে চলে যান ব্যবহারকারী এবং ডাউনলোড হয়ে যায় ট্রোজান ম্যালওয়্যারটি।
এরপর ট্রোজান ম্যালওয়্যারটি ফ্রি ‘টুইট টিউব’ ইনস্টল করতে বলে একটি ডায়লগ বক্স খুলে দেয় ব্যবহারকারীর সামনে। সেখান থেকে ‘কন্টিনিউ’ বাটন চাপলেই ডাউনলোড হয় অ্যাডওয়্যারটি।
এছাড়াও মিডিয়া প্লেয়ার, ভিডিও এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম এবং ডাউনলোড অ্যাক্সেলেটরের সঙ্গে ডাউনলোড হতে পারে ম্যালওয়্যারটি। এরপর ম্যালওয়্যারটি সাফারি, ফায়ারফক্স এবং ক্রস ব্রাউজারের জন্য ইওন্টু অ্যাডওয়্যারটি ডাউনলোড করে ফেলে। এরপর ব্যবহারকারী যে পেইজগুলোতে ভিজিট করেছেন, সে ব্যাপারে বিস্তারিত তথ্য ব্যবহার করে ওয়েব পেইজগুলোতে জুড়ে দেয় ‘থার্ড পার্টি’ কোড।
