উইন্ডোজ ৮ অ্যাপ বানালে ১০০ ডলার!
ডেভেলপারদের দিয়ে উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ফোন ৮-এর জন্য অ্যাপ বানালে ডেভেলপারদের নগদ ডলার সাধছে সফট জায়ান্ট মাইক্রোসফট। প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট জানিয়েছে, প্রতিটি অ্যাপের জন্য ১০০ ডলার করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের আইওএস বা গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মতো উইন্ডোজ ৮-এর জন্য তৈরি অ্যাপ্লিকেশনের বিশাল ভা-ার নেই মাইক্রোসফটের। অ্যাপ ডেভলপারদের উইন্ডোজ ৮-এ চলার উপযোগী অ্যাপ বানাতে নানাভাবে উদ্বুদ্ধ করে সেই ঘাটতি মেটানোর চেষ্টা করছে মাইক্রোসফট। এই কাজের অংশ হিসেবেই ডেভেলপারদের জন্য এবার এই ‘কিপ দি ক্যাশ’ অফার চালু করেছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের কিপ দি ক্যাশ অফার চালু হয়েছে ৮ মার্চ, চলবে ৩০ জুন ২০১৩ পর্যন্ত। এর মধ্যে উইন্ডোজ ৮ এবং ইউন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ্লিকেশন বানালে প্রতিটি অ্যাপ্লিকেশনের জন্য ডেভেলপারদের ১০০ ডলার করে দেবে এই টেক জয়ান্ট। তবে একজন ডেভেলপার একটি অপারেটিং সিস্টেমের জন্য সর্বোচ্চ ১০টি অ্যাপ্লিকেশন বানাতে পারবেন।
সাম্প্রতিক সময়ে উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ফোন ৮ ওএসের অ্যাপ বানাতে ডেভেলপারদের উদ্বুদ্ধ করতে প্রচারণা বেশ বাড়িয়ে দিয়েছে মাইক্রোসফট। অন্যদিকে উইন্ডোজের পরবর্তী ভার্সন ‘ব্লু’ নিয়েও কাজ করছে মাইক্রোসফট। উইন্ডোজ ওএসের জন্য ডেভেলপারদের অ্যাপ বানানোর প্রক্রিয়াটি আরো সহজ করে দিতে মাইক্রোসফট ডেভেলপার প্ল্যাটফর্ম এবং অ্যাপ মডেলগুলোকে আরো কাছে আনবে, এমনটাই মনে করছেন টেক বোদ্ধারা। এর ফলে উইন্ডোজের সমসাময়িক একাধিক ভার্সনে একসঙ্গে চলবে, এমন অ্যাপ্লিকেশন তৈরি অনেক সহজ হবে ডেভেলপারদের জন্য।
