পোষা প্রাণীর জায়গা নেবে ড্রোন
ভবিষ্যতে আমাদের পোষা প্রাণীর জায়গা নিতে পারে উড়তে সক্ষম একধরণের রোবট। টেকনিউজডেইলি জনিয়েছে, ফাল্কর সিস্টেমের প্রধান সামির পারেখ সম্প্রতি গৃহস্থালির কাজে লাগানোর উপযোগী রোবট নিয়ে কাজ করছেন।
বেশ আগে থেকেই উড়তে সক্ষম যন্ত্র নিয়ে কাজ চলছে, যাকে আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি) বা ড্রোন বলা হয়। ফাল্কর সিস্টেম এমন ‘ড্রোন’ তৈরি করেছে, যা নিজে নিজেই পরিচালিত হতে পারে। অর্থাৎ একে কোন কাজের নির্দেশনা দিলেই হবে, কাজটা কিভাবে সম্পন্ন করতে হবে এটা সে নিজেই ঠিক করবে।
এই ইউএভি নিয়ে ফাল্কর সিস্টেমের প্রথম লক্ষ্য হচ্ছে খেলাধূলার ছবি তোলা। আপাতত তারা স্কি এবং বেইস জাম্পিং খেলোয়াড়দের নিয়ে ডিভাইসটি যাচাই করে দেখছে। এই ইউএভি নিজে নিজেই খেলোয়াড়কে অনুসরণ করে ভিডিও ধারণ করবে।
কিন্তু পারেখ আশাবাদী, এই প্রযুক্তিকে আরেকটু উন্নত করে ড্রোনগুলোকে আমাদের বন্ধুতে পরিণত করা সম্ভব। তিনি বলেন, ‘আমি চাই, আমার রোবট আমার চাবি বা সেলফোনের মতো জিনিসগুলো বহন করুক, যেগুলো আমি পকেটে রাখতে চাই না।’ অনেকটা আপনার পোষা প্রাণীর মতো, যে কিনা উড়ে উড়ে আপনাকে অনুসরণ করবে এবং আপনার নির্দেশনা অনুযায়ী কাজ করবে।
