সাইবার আক্রমণে প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা নির্বাচন
যুক্তরাষ্ট্র্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আয়োজিত একটি নির্বাচনের ওপর করা প্রতিবেদনে অনলাইন ভোটিং সিস্টেমে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এ ধরনের ঘটনায় ই-মেইলে ভোট দেয়ার সংখ্যা বাড়ার সঙ্গে সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা ভুয়া ভোটিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে সিএনএন।
ফ্লোরিডার মায়ামি-ডেডিতে ১৪ অগাস্ট ২০১২ সালের ‘প্রাইমারি’ নির্বাচনে অনলাইন ভোটিং সিস্টেমে সমস্যাগুলোর কথা উল্লেখ করে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে গ্র্যান্ড জুরি বলেছেন, কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে ভোটদানের জন্য নির্বাচন বিভাগে বিদেশ থেকে অনেকগুলো ভুয়া অনুরোধ এসেছে।
সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ভেরিফাইড ভোটিং ফাউন্ডেশনের কম্পিউটার বিজ্ঞানী ডেভিড জিফারসন জানান, যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রথমবারের মতো এমন আক্রমণের ঘটনা নথিভুক্ত করা হলো।
প্রতিবেদনে দেখা গেছে, অনলাইন ভোটিংয়ে দু’হাজার ৫০০ ভুয়া অনুরোধ জমা পড়ে। মায়ামি-ডেডির নির্বাচনে জুলাই মাসে যারা নির্বাচনে ভোট দানে উপস্থিত ছিলেন না এমন ১,৩৯,০৪৭ টি ব্যালটের অনুরোধ এসেছে। অক্টোবরেও একই পদ্ধতিতে ১,৭৪,৯১৯ অনুপস্থিত ব্যক্তির ব্যালট জমা পড়ে।
কম্পিউটার বিজ্ঞানীরা অনেক বছর ধরে অনলাইনে ভোটিংয়ের নিরাপত্তা নিয়ে গবেষণা করছেন। জনস হপকিনস ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আভি রুবিন বলেন, এখন আমরা চূড়ান্তভাবে অভিযোগের বিষয়টি পরীক্ষা করে দেখছি।
