জানা গেলো গ্যালাক্সি এসফোরের দাম
অবশেষে জানা গেলো ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাংয়ের স্মার্টফোন ‘গ্যালাক্সি এসফোর’-এর বাজারদর। স্মার্টফোন বিষয়ক সাইট জিএসএমএরিনা জানিয়েছে, সিম ছাড়া স্মার্টফোনটির ১৬ জিবি মডেলটি যুক্তরাষ্ট্রের বাজারে দাম হবে ৫৭৯ ডলার এবং যুক্তরাজ্যের বাজারে দাম হবে ৫২৯ পাউন্ড।
গ্যালাক্সি এসফোর সম্পর্কে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং আনুষ্ঠানিক ঘোষণা দেয় ১৪ মার্চ। অনুষ্ঠানে স্যামসাং মোবাইলের প্রধান জেকে শিন গ্যালাক্সি এস ফোর দেখালেও, পণ্যটির দাম সম্পর্কে জানাননি কিছুই। জিএসএমএরিনা স্মার্টফোনটির দাম জানিয়েছে অনলাইন লিস্টিং থেকে।
যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাজারে সিম ছাড়া গ্যালাক্সি এস ফোর যথাক্রমে ৫৭৯ ডলার এবং ৫২৯ পাউন্ড দামে পাওয়া গেলেও বিভিন্ন মোবাইল কোম্পানির প্যাকেজের সঙ্গে কিস্তিতেও পাওয়া যাবে এটি। দুই বছরের চুক্তিতে টি-মোবাইল, অরেঞ্জ, ওটু এবং ভোডাফোনের মতো শীর্ষস্থানীয় মোবাইল ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর সংযোগের সঙ্গে গ্যালাক্সি এস ফোর কেনা যাবে মাসে ৩১ পাউন্ডের চুক্তিতে।
মজার ব্যাপার হলো, যুক্তরাজ্যে গ্যালাক্সি এস ফোর ও আইফোন ফাইভ-এর দাম সমান। এদিকে বাজারে আসার আগেই অপেক্ষমান ক্রেতাদের মধ্যে গ্যালাক্সি এস ফোরের চাহিদা বাড়ছে গাণিতিক হারে। এখন দেখার বিষয় এটিই যে, গ্যালাক্সি এস ফোর তার আগের গ্যালাক্সি মডেলগুলোর বিক্রির পরিমাণ ছাড়িয়ে যেতে পারে কিনা।
