২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরস্কার জিতলেন ইন্টারনেটের পাঁচ গুরু

ইন্টারনেট প্রযুক্তিতে অবদানের জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগে কুইন এলিজাবেথ পুরস্কার জিতলেন ইন্টারনেট গুরু স্যার টিম বার্নার্স-লি, রবার্ট কান, ভিন্টন সার্ফ, লুইস পোউজিন এবং মার্ক অ্যান্ড্রিসেন। বিবিসি জানিয়েছে, নিজেদের মধ্যে ১০ লাখ ইউরোর পুরস্কার ভাগাভাগি করে নেবেন এই প্রযুক্তিবিদরা।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 06:42 PM

Updated : 25 Apr 2022, 06:29 PM

যুক্তরাজ্য সরকার কুইন এলিজাবেথ পুরস্কারের প্রচলন করেছিলো নোবেল পুরস্কারের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং খাতে গুরুত্ব বাড়াতে। এবারের কুইন এলিজাবেথ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ে।

পুরস্কার জয়ী পাঁচ প্রযুক্তি গুরুর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত স্যার টিম বার্নার্স লি। ৮০র দশকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব গড়ে তুলতে যাদের সবচেয়ে অবদান ছিলো, তাদের একজন স্যার টিম। আর ইন্টারনেটে ডেটা সরবরাহ ব্যবস্থা কেমন হবে, তার ব্যাখা দিয়েছিলো কান ও সার্ফের বানানো টিসিপি/আইপি প্রটোকল।

আর ডেটা সঠিক ঠিকানায় পৌঁছানোর জন্য এর নামকরণটি কিভাবে করা প্রয়োজন, সেটি ঠিক করে দিয়েছিলেন লুইস পোউজিন। আর বিশ্বের প্রথম জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘মোজাইক’ বানিয়েছিলেন অ্যান্ড্রিসেন।

‘এই পাঁচ প্রযুক্তি গুরু নতুন কোনো প্রযুক্তির আবিষ্কার করেননি, বরং বদলে দিয়েছেন পুরো বিশ্বের যোগাযোগ ব্যবস্থা’ এমনটাই বলা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ব্যক্তিগতভাবে এই পাঁচ প্রযুক্তি গুরু একাধিকবার নানা পুরস্কার এবং সম্মাননা জিতলেও দলগতভাবে প্রথমবারের মতো পুরস্কার জিতলেন তারা। জুন মাসে বাকিংহাম প্যালেসে যুক্তরাজ্যের রাণীর হাত থেকেই পুরস্কার গ্রহণ করবেন তারা।