২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি এসফোর: স্যামসাংয়ের নতুন বাজির ঘোড়া

শেষ হয়েছে স্যামসাং ভক্তদের অপেক্ষা। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ১৪ মার্চ গ্যালাক্সি এস সিরিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এসফোর (জি এসফোর) দেখিয়েছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং। জি এসফোর ভক্তদের প্রত্যাশার লম্বা তালিকাটি কতোটা পূরণ হবে, বা প্রতিদ্বন্দ্বী আইফোনের বিপরীতে এর পারফরমেন্স কেমন হবে- এই প্রশ্নগুলোর উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটি দিন। তবে প্রাথমিক অবস্থায় পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে টেক বোদ্ধারা বলছেন, জি এসফোর কোনো যুগান্তকারী পণ্য নয়, বরং সোজা কথায় গ্যালাক্সি এস থ্রির (জিএস থ্রি) উন্নত একটি মডেল। টেক বোদ্ধাদের মতে, এস থ্রির ফিচারগুলোকেই আরো একধাপ এগিয়ে নিয়ে গেছে স্যামসাং।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 01:12 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

ডিজাইন ও নির্মাণ কাঠামো

প্রথম দর্শনেই জি এসফোর স্মার্টফোনটিকে মনে হবে জিএস থ্রির হুবহু নকল, কেবল আকারে বড় করা হয়েছে। জিএস থ্রির মতোই ১৩০ গ্রাম ওজনের জিএস ফোরে রয়েছে হোম বাটন। ৭.৯ মিলিমিটার পুরু স্মার্টফোনটি লম্বায় ১৩৬.৬, আর চওড়ায় ৬৯.৮ মিলিমিটার। প্রযুক্তি বিষয়ক সাইট সিনেটের সম্পাদকীয় কলাম অনুসারে, আকারের দিক থেকে জিএসথ্রি আর গ্যালাক্সি নোটের মাঝামাঝি জি এসফোর।

তবে আইফোন ফাইভ বা এইচটিসি ওয়ানের মতো মেটাল কেসিং নেই স্মার্টফোনটির। মূলত নির্মাণ সুবিধা আর দামের কথা মাথায় রেখেই ধাতব কেসিংয়ের বদলে প্লাস্টিক বেছে নিয়েছে স্যামসাং। স্মার্টফোনটির বাজারে আসার আগে যেমন শোনা যাচ্ছিলো, ঠিক তেমনি জিএস ফোরে রয়েছে পাঁচ ইঞ্চি স্ক্রিন। সুপার অ্যামোলেড ডিসপ্লেটির রয়েছে ১৯২০ বাই ১০৮০ পিক্সেলের ফুল এইচডি স্ক্রিন রেজুলিউশন। জিএস ফোরের রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়তি ৬৪ জিবি মেমোরি ব্যবহারের সুবিধা। আরো আছে ২৬০০ মিলি অ্যাম্পের শক্তিশালি ব্যাটারি।

অপারেটিং সিস্টেম এবং অ্যাপ

গুগলের তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) সর্বশেষ আপডেট অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিনে চলবে জি এসফোর। তবে ওএস বিবেচনা করতে গেলে মাস দুয়েকের মধ্যেই বিপাকে পড়তে পারে জি এসফোর। গুগল আগামী ১৫ মে লঞ্চ করবে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন ‘অ্যান্ড্রয়েড কি লাইম পাই’। অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন বাজারে আসার পর স্যামসাং ‘পুরনো’ জেলি বিন থেকে কি লাইম পাইয়ে কতো দ্রুত আপডেট করার সুবিধা দেবে, তার ওপর অনেকটাই নির্ভর করছে স্মার্টফোনটির সাফল্য।

তবে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের দিক থেকে কোনরকম কমতি রাখেনি স্যামসাং। দ্রুত অ্যাপ্লিকেশন চালু বা বন্ধ করার জন্য রয়েছে টাচ উইজ। ওয়াই-ফাই, ব্লুটুথ আর জিপিএস ছাড়াও অ্যাপগুলোও এখন চালু বা বন্ধ করা যাবে টাচ উইজের বদৌলতে আঙ্গুলের এক স্পর্শেই।

গ্যালাক্সি নোট টুয়ের অনেক ফিচার যোগ হয়েছে জিএস ফোরে। এক স্ক্রিনেই একসঙ্গে পাশাপাশি চালানো যাবে দু’টি অ্যাপ। আর গুগলের খেলাতেই গুগলকেই টেক্কা দিতে হবে, এমন চিন্তা থেকেই যেন স্যামসাং জিএস ফোরে যোগ করেছে এন ট্রান্সলেটর টুল।

বন্ধুদের মধ্যে যাদের মালিকানায় আছে জিএস ফোর তাদের সঙ্গে কন্টেন্ট শেয়ারিংয়ের জন্য রয়েছে নতুন ফিচার ‘গ্রুপ প্লে’। গ্রুপ প্লে ব্যবহার করে ব্লুটুথ বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সংযোগ ব্যবহার করেই আদান প্রদান করা যাবে গান বা ছবি; এমনকি খেলা যাবে ভিডিও গেইমও। গ্রুপ প্লে মোডে খেলার জন্য গান ব্রাদার্স টু এবং অ্যাসফল্ট সেভেন গেইম দু’টিতে বিশেষ পরিবর্তনও আনা হয়েছে।

জিএস ফোরের নতুন ফিচারের সবচেয়ে উল্লেখযোগ্য বলা যায় এস ভয়েস ড্রাইভ। গাড়ি চালানোর সময় কণ্ঠনির্ভর নির্দেশের মাধ্যমে দিকনির্দেশনা থেকে শুরু করে কল রিসিভ করা, মেসেজ পাঠানো বা সর্বশেষ আবহাওয়া বার্তা শোনা- এর সবই করতে পারবেন চালক।

আই-ট্র্যাকিং প্রযুক্তি

জিএস থ্রির আই-ট্র্যাকিং ফিচারও রয়েছে জিএস ফোরে। তবে অন্য সবকিছুর মতোই অ্যাই-ট্র্যাকিং ফিচারটিতেও স্যামসাং দিয়েছে নতুন মাত্রা; যোগ হয়েছে স্মার্ট স্ক্রল এবং স্মার্ট পজ। জিএস ফোরের স্ক্রিনের দিকে তাকিয়ে স্ক্রিনটি উপরে বা নিচে নাড়ালেই স্মার্টস্ক্রল করে উপরে-নিচে নামবে স্ক্রিনের পেইজটি।

আরো মজার ফিচার হচ্ছে স্মার্ট পজ। ভিডিও দেখার সময় দৃষ্টি স্ক্রিন থেকে সরিয়ে নিলে নিজে থেকেই পজ হয়ে যাবে ভিডিওটি। আবার স্ক্রিনের দিকে তাকালে চলা শুরু করবে ভিডিও। তবে জিএস ফোরের প্রোটোটাইপটি ব্যবহার করে, আই-ট্র্যাকিং ফিচার দু’টি কাজ করতে একটু বেশি সময় নেয় বলেই জানানো হয়েছে সিনেটের সম্পাদকীয়তে। তবেও বাণিজ্যিকভাবে বাজারজাত করা জিএসফোরে নাও থাকতে পারে এই সমস্যা।

এয়ার ভিউ জেসচার

এয়ার ভিউ জেসচারে স্ক্রিনের উপর দিয়ে ধীর গতিতে হাত নাড়িয়েই ব্যবহারকারী দেখতে পারবেন ফটো গ্যালারির ছবি, বা প্লে লিস্টের গানগুলো। বদলে নিতে পারবেন ইচ্ছেমতো। ব্রাউজারের ট্যাবগুলোকেও ঘুরে ফিরে দেখা যাবে হাত নাড়িয়েই। যে কোনো তালিকা স্ক্রল করে উপরে নিচে নামাও যাবে এয়ার ভিউ ব্যবহার করে। তবে আই-ট্র্যাকিং ফিচারের মতোই এয়ার ভিউ ফিচারটিও কাজ করতে সময় নেয় একটু বেশি। সিনেট জানিয়েছে, আই-ট্র্যাকিং এর মতো এয়ার ভিউ ফিচারটিও সাড়া দিতে সময় নেবে কম বেশি আধা সেকেন্ড।

ক্যামেরা ও ভিডিও

জিএস ফোরে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ভিডিও চ্যাটের জন্য রয়েছে দুই মেগাপিক্সেলের সম্মুখ ক্যামেরা। শুধু শক্তিশালী ক্যামেরা দিয়েই ক্ষান্ত হয়নি স্যামসাং। রয়েছে অনেক মজার ফিচারও। যেমন ডুয়াল-শট মোড। ডুয়াল শট মোডে সামনের এবং পেছনের দু’টি ক্যামেরা দিয়েই একসঙ্গে তোলা যাবে ছবি ও ভিডিও। দুই ক্যামেরার ছবি বা ভিডিও জুড়ে দিয়ে বানানো যাবে একটি ভিডিও বা ছবি। ব্যাকগ্রাউন্ডে থাকবে পেছনের ক্যামেরা থেকে তোলা ছবি আর সামনে থাকবে সামনের ক্যামেরা থেকে তোলা ছবি।

আরো মজার মোডগুলোর মধ্যে রয়েছে সাউন্ড অ্যান্ড শট এবং ড্রামা শট। সাউন্ড অ্যান্ড শটে স্থির ছবির সঙ্গে রেকর্ড হবে নয় সেকেন্ডের অডিও। আর ড্রামা শটে বা শর্ট শটের ছবিগুলোকে জিএসফোর নিয়ে আসবে এক ফ্রেমে।

প্রসেসর ও মেমোরি

গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে দু’টি মডেলে। মডেল দু’টি দেখতে একই রকম হলেও মূল পার্থক্য হবে স্মার্টফোনটির প্রসেসরে। একটিতে থাকবে কোয়াড কোর ১.৯ গিগাহার্টজের কোয়ালকম ¯œ্যাপড্রাগন ফিউশন প্রো প্রসেসর এবং অন্যটিতে থাকবে আট-কোরের ১.৬ গিগাহার্টজের স্যামসাং এক্সিনোজ ফাইভ অক্টা সিলিকন প্রসেসর। দু’টি স্মার্টফোনেই থাকবে ফোরজি (এলটিই) সংযোগ সুবিধা।

জিএসফোরে ২৬০০ মিলিঅ্যাম্পের শক্তিশালী ব্যাটারি থাকলেও স্মার্ট স্টে এবং এস ড্রাইভের মতো ফিচারগুলোর পেছনেই খরচ হবে ব্যাটারির সিংহভাগ। ভিডিও দেখলে বা গেইম খেললে আরো কমে আসবে ব্যাটারির স্থায়িত্ব। আর মেমোরির দিক থেকে জিএসফোরে আছে ২ জিবি র‌্যাম, ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি এবং ৬৪ জিবি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা।

গ্যালাক্সি এস সিরিজের সর্বশেষ স্যামসাং পণ্য গ্যালাক্সি এস ফোর। বাজারে জিএস ফোরের সাফল্যের কথা হিসেব করতে গেলে ঘুরে ফিরে একটি নামই আসে- আইফোন ফাইভ। স্মার্টফোন বাজারে সরাসরি অ্যাপলের আইফোন ফাইভের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে জি এসফোর। চোখ ধাঁধানো ফিচার বা সর্বশেষ প্রযুক্তি কোনো দিক থেকেই কমতি নেই জিএস ফোরের। তবুও আইফোন ফাইভের বিপরীতে লড়াইয়ে জিএস ফোরের পারফরমেন্স কেমন হবে, তা বোঝা যাবে স্মার্টফোনটি বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হলেই। আইফোন ফাইভ নাকি জি এসফোর, বাজার কার দিতে ঝুঁকবে -এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।