হ্যাকিংয়ে অভিযুক্ত রয়টার্স কর্মী
সংবাদমাধ্যম রয়টার্স এর সোশ্যাল মিডিয়া এডিটর ম্যাথিউ কেইসের বিরুদ্ধে আনা হয়েছে হ্যাকারদের সহায়তা করার অভিযোগ। অভিযোগে বলা হয়েছে, সাবেক কর্মক্ষেত্র ট্রিবিউন কোম্পানির সার্ভার হ্যাক করতে অ্যানোনিমাস হ্যাকারদের সহযোগিতা করেছিলেন কেইস। বিবিসি জানিয়েছে, কেইস এর নামে ওই অভিযোগ আনা হয়েছে ক্যালিফোর্নিয়ার একটি আদালতে।
অভিযোগে বলা হয়, কেইস হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাসকে ট্রিবিউন কোম্পানির সার্ভারের লগ-ইন ও পাসওয়ার্ড দিয়ে হ্যাকিংয়ে সাহায্য করে। এর ফলে হ্যাকাররা বদলে দেয় লস এঞ্জেলেস টাইমস-এর ওয়েব সংস্করণের খবর।
রয়টার্সে যোগ দেয়ার আগে ম্যাথিউ কেইস ট্রিবিউন কোম্পানির মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে ওয়েব প্রডিউসার পদে চাকরি করতেন, ২০১০ সালের অক্টোবরে তাকে চাকরিচ্যুত করা হয়।
ম্যাথিউ কেইস রয়টার্সে চাকরি নেবার আগে হ্যাকিং এর এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিবিসি। রয়টার্সের প্রতিনিধি ডেভিড জিরারডিন জানিয়েছেন, তারা অভিযোগের ব্যাপারটি জানেন। এ বিষয়ে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের জেল ও আড়াই লাখ ডলার জরিমানা করা হবে ম্যাথিউ কেইসকে।
