নতুন প্রাণীর খোঁজে অভিযান
নতুন প্রাণীর খোঁজে নাইজেরিয়ায় অভিযানে যাচ্ছেন যুক্তরাজ্যের চেস্টার চিড়িয়াখানার বিজ্ঞানীরা। নাইজেরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত গাশাখা গুমতি ন্যাশনাল পার্ক থেকে এ জীববৈচিত্র অনুসন্ধানের কাজ শুরু হবে বলে জানিয়েছেন গবেষকরা। এ পার্কটিকে বিশ্বের অন্যতম জীববৈচিত্রের ভা-ার হিসেবে বিবেচনা করা হয় বলে জানিয়েছে বিবিসি।
চেস্টার চিড়িয়াখানার মহাপরিচালক মার্ক পিলগ্রিম বলেন, ‘যদি ওখানে আকর্ষণীয় ও বৈচিত্রময় নতুন কোনো পোকা বা ব্যাঙ পাওয়া যায়, তাহলে অবশ্যই এটি মজার একটি ব্যাপার হবে। তবে আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না, কারণ আমরা এখনও জানি না ওখানে কেমন প্রাণী আছে।
পিলগ্রিম আরও জানান, ওই এলাকাটিতে গবেষণা ও রক্ষণাবেক্ষণের জন্য এক দশক ধরে আর্থিক সহায়তা দিচ্ছিলেন তারা। একটি ফিল্ড ক্যাম্প তৈরি করেছিলেন ক্যামেরন শিম্পাঞ্জিদের রক্ষার জন্য।
এখন চেস্টার চিড়িয়াখানার ১২ জনের অভিযাত্রী দল গাশাখা ন্যাশনাল পার্কে নতুন কোনো প্রাণী খুঁজে বের করে তা বিশ্ববাসীর সামনে নিয়ে আসেন কিনা সেটাই দেখার বিষয়।
