ইন্টারনেটে ‘দুষ্ট প্রতিবেশীরা’ ছড়ায় স্ক্যাম ও স্প্যাম
ই-মেইলে ক্ষতিকর স্ক্যাম ও স্প্যামের উৎস নিয়ে গবেষণায় দেখা গেছে, ‘দুষ্ট প্রতিবেশীরা’ স্ক্যাম ও স্প্যাম ছড়ায়। ৪২ হাজারেরও বেশি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি)-এর তথ্য নিয়ে গবেষণায় অপ্রয়োজনীয় ক্ষতিকর ইমেইলের উৎস নিয়ে গবেষণা করা হয় বলে জানিয়েছে বিবিসি।
৪২,২০১টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে নিয়ে গবেষণায় দেখা গেছে, ৫০ ভাগ জাঙ্ক মেইল আসে ২০টি আইএসপি থেকে। এতে দেখা গেছে, জাংক ই-মেইলের অধিকাংশ নেটওয়ার্ক ভারত, ভিয়েতনাম এবং ব্রাজিলের সঙ্গে সংশ্লিষ্ট। সবচেয়ে বেশি অপরাধপ্রবণ নাইজেরিয়ার নেটওয়ার্ক। ৬২ভাগ স্প্যাম মেইল আসে এসব নেটওয়ার্ক থেকে।
গবেষক গিওভেন সিজার মরিইরা মউরা বলেন, ক্ষতিকর ট্রাফিক আসে নির্দিষ্ট কিছু জায়গা থেকে। সেক্ষেত্রে ‘দুষ্ট প্রতিবেশী’ ধারণাটি কার্যকর। অবশ্য সেক্ষেত্রে কোনো নেটওয়ার্ককে নির্দিষ্ট করা কঠিন। কারণ অনেক সাইবার অপরাধী স্প্যাম পাঠিয়ে পিসির তথ্য চুরি করে অথবা কর্পোরেট নেটওয়ার্কের যোগসাজশে আইএসপির মাধ্যমে অপরিচিতদের কম্পিউটারের তথ্য হ্যাকিং করে। এরপর সে তথ্য ব্যবহার করে নানা অপরাধ করে।
এ অপরাধগুলো কমিয়ে আনতে চাইলে এগুলোর উৎস আগে শনাক্ত করতে হবে বলে অভিমত দিয়েছেন গবেষকরা।
