ফিরে আসছে মিকি মাউস
কার্টুন চরিত্র ‘মিকি মাউস’কে ছোট পর্দায় ফিরিয়ে আনছে ডিজনি। ইয়াহু জানায়, জুনের ২৮ তারিখ থেকে ডিজনি চ্যানেলের পর্দায় দেখা যাবে মিকিকে। সেই সঙ্গে ডিজনিডটকম এবং ‘ওয়াচ ডিজনি চ্যানেল’ অ্যাপ-এর মাধ্যমে অনলাইনেও দেখা যাবে এ পর্বগুলো।
ডিজনিডটকম-এর সাইটে সাড়ে তিন মিনিটব্যাপী ‘মিকি মাউস’-এর প্রিভিউ ভিডিওতে দেখা গেছে, প্রধান দুই চরিত্র মিকি এবং মিনি প্যারিসে একটি রেস্তরাঁয় কাজ করছে। কিন্তু হঠাৎ তারা রুটির সংকটে পড়ে। তখন মিকি সারা শহর ঘুরে অভিযান চালায় রুটি খুঁজতে। পুরো ভিডিওটি ফরাসি ভাষায় করা, যার কোন অনুবাদ নেই। যদিও এতে মিকির কাণ্ডকারখানা বুঝতে কোন অসুবিধাই হয় না।
ডিজনির প্রধান বব আইগার জানান, ডিজনির প্রতিষ্ঠাতা ওয়াল্ট ডিজনি বেঁচে থাকাকালীন মিকিকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে এখানে। তিনি বলেন, ‘আমাদের মনে হচ্ছিল সময়ের সঙ্গে সঙ্গে মিকি চরিত্রের সেই মজার ব্যাপারগুলো হারিয়ে যাচ্ছে। তাই আমরা তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি।’
মিকি প্রথম পর্দায় এসেছিল ‘স্টিমবোট ওয়িলি’ নামের পর্ব নিয়ে, ১৯২৮ সালে। প্রতিটি পর্বে সান্তা মনিকা, নিউ ইয়র্ক, বেইজিং-এর মতো নতুন নতুন জায়গায় সে মজার মজার সব সমস্যায় পড়ত এবং সেখান থেকে নিজেকে উদ্ধার করতো।
মিনি মাউসসহ এই পর্বে ডিজনির বিখ্যাত সব চরিত্র ডোনাল ডাক, ডেইজি ডাক, গুফি এবং প্লুটোকেও দেখা যাবে অতিথি চরিত্রে।
