চীন-মার্কিন সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট নিরাপত্তা
ইন্টারনেট নিরাপত্তা চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কে বড় বাধা বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন। রয়টার্স জানিয়েছে, সোমবার চীনকে সাইবার অপরাধের এ সমস্যাটি স্বীকার করে নেয়ার আহ্বান জানিয়েছেন ডনিলন।
চীনের সাইবার অপরাধীরা যুক্তরাষ্ট্রের অনেকগুলো শিল্প প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে। সম্প্রতি উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ইন্টারনেটে অপরাধীদের বিষয়ে গুরুত্ব দেয়ার কথা বললেন ডনিলন।
ডনিলন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় কোনোভাবেই এধরনের সাইবার হামলা সহ্য করবে না। তিনি বলেন, গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা স্টেট অফ দি ইউনিয়নের ভাষণেও অর্থনীতিতে ক্ষতি করতে পারে এ ধরনের সাইবার আক্রমণ প্রতিরোধের কথা বলেছেন।
এধরনের ঘটনাগুলোর পূনরাবৃত্তি বন্ধ করতে ডনিলন চীনকে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, আলোচনার মাধ্যমে আমরা সমস্যাগুলো মোকাবিলা করতে পারি।
বেইজিংকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ঝুঁকি কমাতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন এ মার্কিন নিরাপত্তা বিশ্লেষক।
সম্প্রতি চীনের সামরিক বাহিনীর একটি ইউনিটের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে সাইবার হামলার অভিযোগ করে একটি ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান। চীন এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, চীন নিজেও এধরনের হামরার শিকার।
