১৪ মার্চ থেকে বিসিএস কম্পিউটার মেলা
ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে কম্পিউটার প্রদর্শনী ‘সিটিআইটি ২০১৩’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, প্রদর্শনী চলবে ২৩ মার্চ পর্যন্ত।
অন্যান্যবারের মতো এবারও মেলায় বিশেষ আকর্ষণে থাকছে বিভিন্ন পণ্যে মূল্যছাড়, তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের সমাহার। বিসিএস কম্পিউটার সিটির নিচ তলায় সজ্জিত মঞ্চে প্রতিদিন থাকবে সেলিব্রিটি শো। এ ছাড়াও প্রতিযোগিতায় আছে শিশু চিত্রাঙ্কন, গেইমিং, ডিজিটাল ফটোগ্রাফি, বিতর্ক, কুইজ এবং রক্তদান কর্মসূচি।
মেলা উপলক্ষে বুধবার বিসিএস কম্পিউটার সিটিতে প্রদর্শনীর বিভিন্ন বিষয় তুলে ধরেন মেলার আহবায়ক এএনএম কামরুজ্জামান। সম্মেলনে ছিলেন প্রদর্শনীর অভ্যর্থনা সাব কমিটির মজিবুর রহমান স্বপন, স্পন্সর সাব কমিটির আকতার হোসেন খান, মিডিয়া সাব কমিটির মো. রফিকুল আলম, ডিসিপ্লিন সাব কমিটির মো. মজহারুল ইমাম সিনা, অবকাঠামো/লজিস্টিক সাব কমিটির নাজমুল আলম ভূইয়া জুয়েল, অর্থ সাব কমিটির মো. মনজুরুল হক মোমিন, প্রোগ্রাম/ম্যানেজমেন্ট সাব কমিটির মো. আল মামুন খান, প্রচার সাব কমিটির মো. রফিকুল ইসলাম, প্রাইজ সাব কমিটির এ.কে.এম. আতিকুর রশীদ, উদ্বোধনী সাব কমিটির মো. জিয়াউল হাসান ছিদ্দিক এবং ক্লোজিং সাব কমিটির মো. জাহিদুল আলমসহ অনেকে।
আয়োজকরা জানান, বিসিএস কম্পিউটার সিটির নিজস্ব আঙ্গিনায় ‘সামাজিক ও গণযোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম কম্পিউটার’ সেøাগান নিয়ে শুরু হচ্ছে এ প্রদর্শনী। এই মেলায় তথ্যপ্রযুক্তির বিভিন্ন ব্যান্ডের কম্পিউটার সামগ্রী, প্রায় ১৬০টি স্থায়ী প্রতিষ্ঠানে প্রদর্শন সহ অতি সুলভ মূল্যে বিক্রয় করা হবে।
মেলায় থাকছে একাধিক আলোচনা অনুষ্ঠান, কম্পিউটার বিষয়ক অনুষ্ঠান, বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ, গুনীজন সংবর্ধনা, শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, ডিজিটাল ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচী ইত্যাদি।
১৪ মার্চ দুপুর ১২:৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর এমপি এবং বিশেষ অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন প্রদর্শনীর উদ্বোধন করবেন। এ ছাড়াও মেলার বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ও এস এম ই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আফতাব-উল-ইসলাম উপস্থিত থাকবেন।
প্রদর্শনীতে প্রবেশমূল্য ১০ টাকা। প্রতিবারের মতো এবারও মেলায় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সযোগ পাবে। এ ছাড়াও প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশে অগ্রাধিকার পাবেন।
এবারের মেলার প্ল্যাটিনাম স্পন্সর ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেড, গোল্ড স্পন্সর আসুস, ক্যাসপারস্কি, স্যামসাং এবং জেরক্স থাকছে গোল্ড স্পন্সর হিসেবে। মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এটিএন বাংলা, দৈনিক ইত্তেফাক, এবিসি রেডিও এবং বাংলানিউজ২৪.কম।
