অবৈধ ভিপিএন বন্ধ ইরানে
অবৈধ ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) বন্ধ করার মাধ্যমে নাগরিকদের অবাধ ইন্টারনেট ব্যবহার কার্যত রোধ করলো ইরান। সরকারি বাধানিষেধ উপেক্ষা করে অনেক ইরানিয়ান, বিকল্প সার্ভারের মাধ্যমে বিভিন্নœ ব্লককৃত ওয়েবসাইট ব্যবহার করতেন, যা রোধে ইরান সরকার দেশটির সব অবৈধ ভিপিএন বন্ধ করেছে বলে জানিয়েছে সিনেট ডটকম।
ইরানের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সংসদীয় কমিটির প্রধান রামেজানালি সোভানি-ফার্দ বলেছেন, ‘দেশের সব অবৈধ ভিপিএন পোর্ট বন্ধ করা হয়েছে কয়েকদিন আগে। এখন শুধু বৈধ ভিপিএন ব্যবহার করা যাবে।’
জানুয়ারিতে ইরানের সাইবারস্পেস বিষয়ক সুপ্রিম কাউন্সিল ঘোষণা করেছিল, শীঘ্রই কোম্পানি ও কর্পোরেশনের নিরাপত্তার জন্য অফিসিয়াল ও বৈধ ভিপিএন বিক্রি শুরু হবে।
কাউন্সিল সেক্রেটারি মেহেদি আখাভান ‘তেহরান ক্রনিকলস’কে বলেন, ‘এ প্রক্রিয়া সম্পন্ন হবার ফলে সরকার সহজেই চিহ্নিত করতে পারবে ও বিচার ব্যবস্থার আওতায় আনতে পারবে নিয়ম ভঙ্গকারীদের।’
ইরানে আগেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও টুইটার, সার্চ ইঞ্জিন গুগল এবং ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব বন্ধ করেছে সরকার। নিজেদের সংস্কৃতি বিকাশে নিজস্ব ভিডিও শেয়ারিং সাইটও চালু করেছে ইরান সরকার।
