২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুকুশিমা বিপর্যয়ে জাপান সরকারের বিরুদ্ধে মামলা

জাপান সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবিতে মামলা করেছেন ফুকুশিমার পারমাণবিক বিপর্যয় থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা। ২০১১ সালের ১১ মার্চ সুনামির আঘাতে বিপর্যয়ের শিকার হয়েছিলো ফুকুশিমার পারমাণবিক চুল্লিগুলো। এমএসএন নিউজ জানিয়েছে, সোমবার ক্ষতিপূরণের দাবিতে মামলা করেছেন ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৮০০ নাগরিক।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 01:14 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

সোমবার ফুকুশিমা জেলা আদালতে মামলা দায়ের করেন ওই ঘটনায় ক্ষতিগ্রস্তরা। এদের মধ্যে সিংহভাগ ফুকুশিমার বাসিন্দা হলেও আছেন পার্শ¦বর্তী অঞ্চলের বাসিন্দারাও। ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের আগের অবস্থায় ফিরে না যাওয়া পর্যন্ত জাপান সরকার এবং টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) কাছ থেকে প্রতিমাসে জনপ্রতি প্রায় ৫২০ ডলার ক্ষতিপূরণের দাবি করছেন তারা।

মামলার বাদি পক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মামলার উদ্দেশ্য হচ্ছে পারমাণবিক বিপর্যয়ের কারণ হিসেবে টেপকোর দায়িত্ব এবং পুরো ব্যাপারটিতেই সরকারের অবহেলা প্রমাণ করা এবং জনসেবায় পরমাণু শক্তির ব্যবহার বিষয়ে একটি জাতীয় নীতিমালা তৈরিতে সরকারকে চাপ দেয়া।’

ওই বিবৃতি আরো বলা হয়েছে, ‘পারমাণবিক বিপর্যয়ে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তার ফলে ফুকুশিমার যে ক্ষতি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের যে মানসিক এবং দৈহিক কষ্ট সইতে হচ্ছে, এই মামলার মাধ্যমে তার ক্ষতিপূরণ দাবি করছি আমরা।’

ফুকুশিমা বিপর্যয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে এই মামলা করলেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। ভূমিকম্প, সুনামি এবং পারমাণবিক বিপর্যয়ের ওই ঘটনায় প্রাণ হারান ফুকুশিমার প্রায় ১৯ হাজার বাসিন্দা। পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ায় ঘর ছাড়তে হয়েছে কয়েক লাখ বাসিন্দাকে। তারা কবে নাগাদ নিজেদের বাসস্থানে ফিরতে পারবেন, তার এখনো কোনো নিশ্চয়তা নেই।